২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বন্দি' পানাহির বার্লিন জয়

২০ বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ তার জন্য নিষিদ্ধ করা হয়েছে। এরপরও থামানো যায়নি ইরানি নির্মাতা জাফার পানাহিকে। শুধু তাই নয়, তার নতুন সিনেমা ‘ট্যাক্সি’ বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার স্বীকৃতি পেয়েছে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 02:25 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে এ বছর গোল্ডেন বেয়ার পুরস্কারটি অর্জন করে নিয়েছে‘ট্যাক্সি’। পুরস্কারটি মঞ্চে উঠে নিজে হাতে নেওয়ার সুযোগ নেই পানাহির। কারণ ইরানের বাইরে পা রাখার অনুমতি নেই তার। 

২০১০ সালের মার্চে প্রথম বারের মতো কারাবন্দি হন পানাহি। ইরানের তৎকালিন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের পুনর্নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনে যোগ দেওয়ায় তার ওপর নেমে আসে এই শাস্তি। মে মাসের শেষ দিকে জামিনে মুক্তি পেলেও দেশটির আদালত তাকে দণ্ডিত করে ২০ বছরের নিষেধাজ্ঞা এবং ছয় বছরের কারাদণ্ডে। কারাদণ্ডের ব্যাপারটি শিথিল করা হলেও পানাহিকে গৃহবন্দী হয়ে থাকতে হয়েছে অনেক দিন। এমনকী চিকিৎসাজনিত কারণ এবং হজ্জ পালন করতে যাওয়া ছাড়া ইরানের বাইরে যাওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি হয় তার ওপর।

এত কিছুর পরও কৌশলী পানাহি গত চার বছরে তৈরি করেছেন তিনটি সিনেমা। ২০১১ সালে কান চলচ্চিত্র উৎসবে মুক্তি পায় ‘দিস ইজ নট আ ফিল্ম’। ২০১৩ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘ক্লোজড কার্টেন’। আর এবার ‘ট্যাক্সি’।

‘ট্যাক্সি’ নির্মাণে পানাহি অবলম্বন করেছেন এক অভিনব পন্থা। পুরো সিনেমার শুটিংই হয়েছে একটি ট্যাক্সিক্যাবে, যার চালক ছিলেন পানাহি নিজে। গাড়ির ড্যাশবোর্ডে ক্যামেরা লুকিয়ে এই সিনেমায় পানাহি ধারণ করেছেন তেহরানের ব্যস্ত ও বিচিত্র সড়ক এবং সেখানকার মানুষগুলিকে। ট্যক্সির আরোহীদের অনেকেই খোলা মনে আলাপ করেছেন ছদ্মবেশী পানাহির সঙ্গে। এসব আলাপনেই উঠে এসেছে ইরানের রাজনীতির চিত্র।

বিরল এই সম্মাননা নিজ হাতে গ্রহণ করতে না পারলেও পানাহির পক্ষ থেকে মঞ্চে হাজির হয়েছিলেন তার ভাগ্নি হানা সাইদি। ১৪ই ফেব্রুয়ারি বার্লিনে বসে এই আসর। 

ইরান সরকারের কড়া নজরদারির মধ্যে চোরাচালান করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয় পানাহির সিনেমা ‘ট্যাক্সি’। ইরানে মুক্তি না পেলেও বিশ্বজুড়ে সিনেমাটি ব্যাপক সমাদৃত হয়েছে।

পুরনো খবর:

এক 'বন্দি' নির্মাতা ও একটি ট্যাক্সিক্যাব