এক 'বন্দি' নির্মাতা ও একটি ট্যাক্সিক্যাব
“পানাহি কখনোই সেটা করেন না, যেটা তাকে বলা হয়। সত্যি কথা বলতে, পানাহি তার অত্যন্ত সফল ক্যারিয়ারটাই গড়েছেন তাকে যেটা বলা হয়েছে সেটা না করে!” চলচ্চিত্র বোদ্ধা হামিদ দাবাশির এই কথাকে সত্যি প্রমাণ করতেই যেন, নিষেধাজ্ঞার মধ্যে থেকেও আরও একবার ক্যামেরার পেছনে দাঁড়ালেন ইরানি নির্মাতা জাফর পানাহি। তার নতুন সিনেমাটির নাম ‘ট্যাক্সি’।
‘দ্য হোয়াইট বেলুন’, ‘দ্য সার্কেল’, ‘অফসাইড’-এর মতো সিনেমার জনক পানাহি নিজের দেশেই অন্তরীন হয়ে আছেন ২০১০ সাল থেকে। ইরানি সরকারের বিরূদ্ধে ‘অপপ্রচার’ চালানোর অভিযোগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই নির্মাতার ওপর আরোপ করা হয়েছে সিনেমা তৈরিতে ২০ বছরের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা না মানলে আবারও কারাবন্দী হওয়ার ঝুঁকি রয়েছে এই নির্মাতার।
২০১০ সালের মার্চে প্রথম বারের মতো কারাবন্দি হন পানাহি। ইরানের তৎকালিন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের পুনর্নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনে যোগ দেওয়ায় তার ওপর নেমে আসে এই শাস্তি। মে মাসের শেষ দিকে জামিনে মুক্তি পেলেও দেশটির আদালত তাকে দণ্ডিত করে ২০ বছরের নিষেধাজ্ঞা এবং ছয় বছরের কারাদণ্ডে। কারাদণ্ডের ব্যাপারটি শিথিল করা হলেও পানাহিকে গৃহবন্দী হয়ে থাকতে হয়েছে অনেক দিন। এমনকী চিকিৎসাজনিত কারণ এবং হজ্জ পালন করতে যাওয়া ছাড়া ইরানের বাইরে যাওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি হয় তার ওপর।
এত কিছুর পরও কৌশলী পানাহি গত চার বছরে তৈরি করেছেন তিনটি সিনেমা। ২০১১ সালে কান চলচ্চিত্র উৎসবে মুক্তি পায় ‘দিস ইজ নট আ ফিল্ম’। ২০১৩ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘ক্লোজড কার্টেন’। আর এবার ‘ট্যাক্সি’। চলতি বছরের বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে লড়বে এই সিনেমা।
এতো কড়াকড়ির মধ্যেও কিভাবে সিনেমা নির্মাণ করছেন পানাহি? ইরানের বাইরে সিনেমাগুলি প্রদর্শিতই বা হচ্ছে কী করে?
‘দিস ইজ নট আ ফিল্ম’-এর শুটিং হয়েছিল পানাহির বাড়িতেই, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। ডিজিটাল ক্যামকর্ডার আর আইফোন দিয়ে মাত্র চার দিনেই শেষ করতে হয়েছিল এই শুটিং। সিনেমা তৈরি হলে কান চলচ্চিত্র উৎসবে পাঠানোর জন্য একে পেনড্রাইভের মধ্যে করে প্যারিসে পাচার করতে হয়েছিল একটি কেকের ভেতরে লুকিয়ে!
‘ক্লোজড কার্টেন’ সিনেমাটিও একই ভাবে পানাহি তৈরি করেছেন তার কাস্পিয়ান হ্রদের বাড়িতে শ্যুটিং করে। এই সিনেমার বিষয়বস্তু একটি কুকুরী; আইনের ভয়ে এই পোষা প্রাণিটিকে সবসময়ই পর্দার আড়ালে লুকিয়ে রাখতে ব্যাতিব্যস্ত যার মালিক। উল্লেখ্য, ইসলামি রীতিতে কুকুরকে বিবেচনা করা হয় অপবিত্র প্রাণি হিসেবে।
তবে, ‘ট্যাক্সি’ নির্মাণে পানাহি অবলম্বন করেছেন এক অভিনব পন্থা। পুরো সিনেমার শুটিংই হয়েছে একটি ট্যাক্সিক্যাবে, যার চালক ছিলেন পানাহি নিজে। গাড়ির ড্যাশবোর্ডে ক্যামেরা লুকিয়ে এই সিনেমায় পানাহি ধারণ করেছেন তেহরানের ব্যস্ত ও বিচিত্র সড়ক এবং সেখানকার মানুষগুলিকে। ট্যক্সির আরোহীদের অনেকেই খোলা মনে আলাপ করেছেন ছদ্মবেশী পানাহির সঙ্গে। এসব আলাপনেই উঠে এসেছে ইরানের রাজধানীর চিত্র।
নিজের প্রথম সিনেমা ‘দ্য হোয়াইট বেলুন’-এর মধ্য দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেন পানাহি। ১৯৯৫ সালের কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটি অর্জন করে কামেরা দ্য’র পুরস্কার। তার ২০০০ সালের সিনেমা ‘দ্য সার্কেল’ ভেনিস চলচ্চিত্র উৎসবের শীর্ষ সম্মাননা গোল্ডেন লায়ন অর্জন করে। ২০০৬ সালে বর্লিন চলচ্চিত্র উৎসবে তিনি পুরস্কৃত হন সেরা পরিচালকের সিলভার বিয়ার সম্মাননায়, ‘অফসাইড’ সিনেমাটির জন্য।
