প্রেসিডেন্ট হতে চান চার্লি শিন!
বারাক ওবামাকে হটিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেতা চার্লি শিন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান তিনি।
শুধু তাই নয়, নির্বাচিত হলে নিজের বাবা মার্টিন শিনকে ভাইস প্রেসিডেন্টের আসনে বসাবেন বলে ঠিক করে রেখেছেন ‘টু অ্যান্ড এ হাফ মেন’ খ্যাত অভিনেতা।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বলছে, সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের এই ইচ্ছার কথা জাহির করেন তিনি, সেই সঙ্গে জানিয়ে দেন নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথাও।
তিনি বলেন, "আমি ১০ জন ব্যক্তির উপর একটি জরিপ করেছি। তাদের আমি জিজ্ঞেস করি - 'আমি যদি প্রেসিডেন্ট নির্বাচনে দাড়াই, তাহলে কেমন হয়?'। তাদের মতে নৈতিক কিংবা সামাজিক পরিস্থিতি যাই হোক না কেন, আমার জেতার শতভাগ সম্ভাবনা রয়েছে।"
তিনি আরও বলেন, "অনুমান করুন ভাইস প্রেসিডেন্ট কে হবে? আমার বাবা। ২০১৬ সালে হোয়াইট হাউজ হবে ‘শিন এবং শিন’-এ ভরপুর!’
শিন আরও জানান, প্রেসিডেন্ট হলে প্রথমেই তিনটি নিয়ম জারি করবেন তিনি। প্রথমত, প্রতিটি স্কুলে যেন একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে শিশুদের নিরাপত্তার নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হবে। দ্বিতীয়ত, সব খাতে কর হবে শতকরা ১০ ভাগ। আর তৃতীয়ত তার স্লোগা হবে - 'এভরিবডি রিল্যাক্স’ (সবাই শান্ত হোন)।
