২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরছে ‘এলিয়েন’?

আশি এবং নব্বইয়ের দশকের জনপ্রিয় সাই-ফাই মুভি সিরিজ ‘এলিয়েন’-এর নতুন পর্ব তৈরি হতে পারে। সিরিজের প্রধান অভিনেত্রী সিগর্নি ওয়েভারের কথায় মিলেছে তারই ইঙ্গিত।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 06:07 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

রিডলি স্কটের সাই-ফাই অ্যাকশন সিরিজের নতুন সিনেমার পরিচালনা করবেন `ডিস্ট্রিক্ট নাইন’ খ্যাত নির্মাতা নিল ব্লমক্যাম্প।

চলতি বছরের শুরুতেই ব্লমক্যাম্প অনলাইনে ‘এলিয়েন’ নিয়ে বেশ কিছু ফ্যান আর্ট প্রকাশ করলে এ বিষয়ে গুঞ্জন শুরু হয়। এইসশোবিজ জানাচ্ছে, পরবর্তীতে সিগর্নি এবং ব্লমক্যাম্প দুজনই সিনেমাটির ব্যাপারে আশা প্রকাশ করেন।

ব্লমক্যাম্পের নতুন সিনেমা ‘চ্যাপি’তে অভিনয় করেছেন ওয়েভার। সিনেমাটির একটি প্রচার অনুষ্ঠানে গোল্ডেন গ্লোবজয়ী এই তারকা বলেন, “আমরা দেখছি কী করা যায়। আমার মনে হয়, সিনেমাটি তৈরির জন্য তার (নিল ব্লমক্যাম্প) থেকে ভাল কেউ হতে পারে না।”

তিনি আরও বলেন, “চ্যাপির সেটে প্রথম দিনই আমরা এ ব্যাপারে কথা বলতে শুরু করি। আমি খুবই অবাক হয়েছিলাম জানতে পেরে যে, ‘এলিয়েন’ দেখতে দেখতেই সে বড় হয়েছে। বসন্তের শুরুতে সে আমাকে অনেকগুলো ফ্যান আর্ট দেখায় এবং নিজের পরিকল্পনা নিয়ে কথা বলে।”

আলাদা একটি সাক্ষাৎকারে ব্লমক্যাম্প বলেন, “আসলে হয়েছিল কী, ‘চ্যাপি’র পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হলে আমি কিছুটা সময় পাই, পরবর্তীতে কী করবো- সেটা নিয়ে ভাবার। তখন আমার মনে হল, এলিয়েনের কথা। সিনেমাটি তৈরি করার কথা আমি বছরের পর বছর ধরে ভাবছি।”

তিনি আরও বলেন, “অনেক বড় সম্ভাবনা রয়েছে, আমার নতুন করে ‘এলিয়েন’ তৈরি করার।”

১৯৭৯ সালে প্রথমবারের মতো মুক্তি পায় রিডলি স্কটের সাড়া জাগানো সিনেমা ‘এলিয়েন’। সিনেমার প্রধান চরিত্র এলেন রিপলির ভূমিকায় অভিনয় করে রাতারাতি খ্যাতি পান সিগর্নি ওয়েভার। এর পর ১৯৮৬ সালের ‘এলিয়েনস’ এবং নব্বইয়ের দশকে আরও দুটি সিনেমা ‘এলিয়েন থ্রি’ এবং ‘এলিয়েন রিজারেকশন্স’ মুক্তি পায়। ২০১২ সালে মুক্তি পায় সিনেমাটির প্রিকুয়েল ‘প্রমিথিউস’।