ছায়ানটে যুবরাজ জয়ন্তী
“জীবন সত্যি যেন এক খেলা- গাইতে গাইতে প্রায় কথাটি বলতেন খালেদ খান। 'জীবনের সৌন্দর্য্য জীবনের জাঁকজমকে নয়, বরং মৃত্যুতে’- এই ধ্রুব সত্যটি জেনেছিলাম খালেদের কাছে। বড় সহজে মানুষকে আপন করে নিতে পারতেন যুবরাজ।”
সোমবার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত হলে দ্বিতীয়বারের মতো আয়োজিত যুবরাজ জয়ন্তী আয়োজনে এসে খালেদ খানকে নিয়ে স্মৃতিচারণ করছিলেন সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস।
প্রয়াত অভিনেতা, নির্দেশক খালেদ খানের ৫৮তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এসে খালেদ খানের দীর্ঘদিনের সহকর্মী নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “বয়সে জুনিয়র হলেও খালেদ খানের সঙ্গে এক দারুণ সম্পর্ক ও ঐক্য গড়ে উঠেছিল আমাদের। ঐক্য গড়ে উঠেছিল দেশ ও সংস্কৃতির প্রতি প্রেমের জন্য।”
তিনি আরও বলেন, “আধুনিকতায় বিশ্বাসী খালেদ খান বাংলা নাটকে এক নতুন ধারা প্রবর্তন করে গেছেন। শারীরিক অভিনয়ের সঙ্গে বাচিক অভিনয়ের মেলবন্ধন তিনিই প্রথম প্রবর্তন করেন।”
অনুষ্ঠানের শুরুতেই খালেদ খানের স্ত্রী রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক যুবরাজ সংঘের ঘোষণা দেন।
তিনি বলেন, “খালেদ খান নির্দেশিত নাটকগুলো যেন নতুন প্রজন্ম অনুশীলন করতে পারে সেজন্য এই সংঘের যাত্রা। যুবরাজকে স্মৃতিতে নয়, চর্চার মাধ্যমেই মনে রাখুক নতুন প্রজন্ম।”
'সংঘ বাধিয়া চলিলে মৃত্যু নাই’ -এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করা যুবরাজ সংঘের আহ্বায়ক হিসেবে থাকছেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সদস্য সচিব আজহারুল হক আজাদ। সদস্য হিসেবে থাকছেন লিয়াকত আলী লাকী, গোলাম কুদ্দুছ, ঝুনা চৌধুরী, হাসান আরিফ, অনন্ত হীরা, মোস্তাফিজ শাহীন, শাহীন খান, তাহসিনা শাহীন, আনিসুল হক বরুণসহ সংস্কৃতি অঙ্গনের আরও অনেকে।
অনুষ্ঠান শুধু স্মৃতিচারণাতেই সীমাবদ্ধ ছিল না। যুবরাজের প্রিয় শিল্পীরাও এসেছিলেন তাকে নিয়ে কথা বলতে, তার প্রিয় গানগুলো গাইতে।
সঞ্চিতা দত্তের পরিবেশনায় শুরু হয় সংগীতায়োজন। ‘সে চলে গেছে বলে গেলে কি গো’ গানেই ‘প্রিয় যুবদা’র প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন তার। পার্থ তানভির নভেলের কণ্ঠে বড় অভিমান, “ডাকবো না, ডাকবো না, অমন করে বাইরে থেকে ডাকবো না”।
এ প্রজন্মের শিল্পী সেমন্তী মঞ্জরী অবশ্য তার গানেই বাঁচিয়ে রাখবেন যুবরাজকে। তিনি গাইলেন, 'তুমি রবে নিরবে’ এবং ‘তোমার সঙ্গে আমার প্রাণের খেলা’।
'আমার মাথা নত করে দাও হে’ গানটির পর লাইসা আহমেদ লিসা যখন শুরু করলেন ‘কে বসিলে আজি হৃদয় আসনে’ তখন মিলনায়তনে আগত সবার চোখে জলের আনাগোণা।
অনুষ্ঠানের শেষ পরিবেশনা ছিল বুলবুল ইসলামের। তিনি গাইলেন ‘তুমি ডাক দিয়েছো কোন সকালে’ এবং ‘আমার খেলা যখন ছিল তোমার সনে”।
