২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার ২০১৫: যারা উপেক্ষিত হলেন

৮৭ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসরে সেরা হওয়ার লড়াই কারা লড়ছেন তা এখন সবারই জানা। তবে ২২ ফেব্রুয়ারি রাতে অস্কারের মঞ্চে অন্য কিছু মুখও দেখার আশা করেছিলেন বোদ্ধা ও দর্শকরা। ২০১৪ সালে অভিনয় আর নির্মাণশৈলীতে কুশলতার পরিচয় দিয়েও যাদের সঙ্গী হলো কেবল হতাশা। 

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 07:55 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

এমি অ্যাডামস

এইতো সেদিনই ‘বিগ আইজ’-এর জন্য সেরা অভিনেত্রীর গোল্ডেন গ্লোব হাতে হাসি মুখে বাড়ি ফিরলেন এমি অ্যাডামস। সবাই ধরেই নিয়েছিলেন, সিনেমাটির জন্য এবারের অস্কারের আসরে অন্তত মনোনয়নটা জুটবেই। কিন্তু তৃতীয়বারের শিকে ছিড়লোনা অ্যাডামসের।

জেসিকা চ্যাস্টেইন

হতাশা সঙ্গী হয়েছে গোল্ডেন গ্লোবে মনোনয়ন পাওয়া আরেক অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইনেরও। ২০১২ সালে ‘জিরো ডার্ক থার্টি’র জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পাওয়া চ্যাস্টেইনের এবারের সিনেমা ‘আ মোস্ট ভায়োলেন্ট ইয়ার’ পাত্তাই পায়নি অস্কারে।

এভা দ্যুভারনে এবং ডেভিড ওয়েলো

কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ে মার্টিন লুথার কিংয়ের আন্দোলন নিয়ে সিনেমা ‘সেলমা’ মুক্তির সঙ্গে সঙ্গেই আলোড়ন তুলেছে সবখানে। মনোনয়নের দিক থেকে অস্কারেও ঝড় তুলবে ‘সেলমা’- এ ব্যাপারেও নিঃসন্দেহ ছিলেন অনেকেই। কিন্তু কেবল সেরা চলচ্চিত্র আর সেরা অরিজিনাল স্কোর বিভাগেই মনোনয়ন পেয়েছে সিনেমাটি। প্রথম আফ্রিকান আমেরিকান নারী নির্মাতা হিসেবে মনোনয়ন পাননি এভা দ্যুভারনে। প্রধান চরিত্রের অভিনেতা ডেভিড ওয়েলোও বাদ পড়েছেন সেরা অভিনেতার তালিকা থেকে।

ক্রিস্টোফার নোলান

সাই-ফাই অ্যাডভেঞ্চার ড্রামা ‘ইন্টারস্টেলার’ যে ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলানের ক্যারিয়ার সেরা সৃষ্টি - এ ব্যাপারে দ্বিমত পোষন করবেন খুব কম চলচ্চিত্রবোদ্ধাই। এবারের অস্কারে কারিগরি বিভাগগুলোর পাঁচটিতে মনোনয়ন বাগিয়ে নিলেও সেরা চলচ্চিত্র কিংবা সেরা পরিচালনা - এর কোনোটিতেই ‘ইন্টারস্টেলার’-এর নাম না থাকাটাকে বড় দুর্ঘটনা হিসেবেই দেখছেন অনেকে।

জেনিফার অ্যানিস্টন

বরাবরই বাজে অভিনয়ের জন্য দুয়ো পেয়ে আসা জেনিফার অ্যানিস্টন এবার আশায় বুক বেঁধেছিলেন ‘কেক’ সিনেমাটি নিয়ে। ড্রামা ঘরানার এই সিনেমায় অ্যানিস্টনের অভিনয় মন কেড়েছিল অনেকেরই। কিন্তু অস্কারের মনোনয়নে শোনা যায়নি তার নাম।

অ্যাঞ্জেলিনা জোলি

অভিনেত্রী হিসেবে নয়, এবারের অস্কারে অ্যাঞ্জেলিনা জোলি ছিলেন সেরা নির্মাতার মনোনয়নের দৌড়ে। অলিম্পিয়ান ক্রিড়াবিদ লুইস জ্যাম্পেরিনির একটি বিমান দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এবং পরে জাপানি সৈন্যদের কাছে যুদ্ধবন্দী হিসেবে আটক হওয়ার মর্মস্পর্শী সত্য ঘটনা অবলম্বনে জোলির এই সিনেমা প্রশংসিত হয়েছে সব মহলেই। কিন্তু সেরা সিনেমা তো নয়ই, সেরা পরিচালকের বিভাগেও মনোনয়ন পাননি জোলি।

জেইক গিলেনহল

‘নাইটক্রলার’ সিনেমার জন্য গোল্ডেন গ্লোব মনোনয়ন পেলেও অস্কারে মনোনীত হননি জেইক গিলেনহল- অনেকের কাছেই যা বেশ হতাশাজনক বলে মনে হয়েছে।