২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋতুপর্ণ ঘোষের ‘তাক ঝাঁক’

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষের সিনেমা ‘তাক ঝাঁক’। ভারতব্যাপী ২০১৫ সালে মুক্তি দেওয়া হতে পারে সিনেমাটিকে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 05:19 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

ঋতুপর্ণের মৃত্যুর পর সিনেমাটি মুক্তির দায়িত্বে এখন আছেন অভিনেত্রী দিপ্তি ভাটনাগারের প্রযোজনা সংস্থা। তিনি জানালেন, সময় এবং পরিস্থিতি বিচার করে মুক্তি দেয়া হবে ‘তাক ঝাঁক’।

২০১৩ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘তাক ঝাঁক’।

সিনেমাটি দর্শকের মন জয় করতে পারবে বলে মনে করেন দিপ্তি। তিনি বলেন, “এটি খুবই সুন্দর একটি সিনেমা। আমি জানি ঋতুপর্ণের ভক্তরা এবং অন্যান্য দর্শক সিনেমাটি সাদরে গ্রহণ করবেন। শিল্পীদের অভিনয়ও এক কথায় চমৎকার, সিনেমাটি দেখে মনে হবে ঋতুপর্ণ নিজেই গল্পটি বলছেন।”

বিদ্রূপাত্মক কমেডি ধাঁচের সিনেমা ‘তাক ঝাঁক’-এ প্রথমবারের মত একসঙ্গে পর্দায় দেখা যাবে হিন্দি সিনেমার দুই বর্ষীয়ান শিল্পী—জয়া বচ্চন এবং নাসিরুদ্দিন শাহ্‌কে। এছাড়াও এতে অভিনয় করেছেন রাইমা সেন, আর মাধভান এবং কংকনা সেন শর্মা।

‘তাক ঝাঁক’-এর গল্প লিখেছেন ঋতুপর্ণ নিজেই, যা প্রকাশিত হয়েছিল কলকাতার এক পত্রিকায়। এর কাহিনি গড়ে উঠেছে মুন্নি নামের এক নারীকে নিয়ে, যার হাতে এসে পড়ে পুরনো আমলের একটি অদ্ভূত চশমা। তিনি আবিষ্কার করেন, এ চশমা চোখে পরলে অন্য মানুষের মনের কথা পড়ে ফেলা যায়।

মুন্নি অর্থাৎ গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কংকনা সেন শর্মা। মাধভানকে দেখা যাবে তার স্বামীর চরিত্রে, আর জয়া থাকবেন মুন্নির মায়ের ভূমিকায়। এতে অতিথি চরিত্রে থাকবেন রাইমা সেন।

পশ্চিম বাংলার গুণী নির্মাতা ঋতুপর্ণ ঘোষের ক্যারিয়ারের শেষ সিনেমা ছিল ‘তাক ঝাঁক’। ২০১৩ সালের মে মাসে তিনি মারা যাওয়ার আগেই সিনেমাটির কাজ শেষ হয়।