নতুন জোকার জ্যারেড লেটো?
'দ্য ডার্ক নাইট' সিনেমায় জোকার চরিত্রকে নতুন মাত্রা দিয়েছিলেন প্রয়াত অভিনেতা হিথ লেজার। প্রায় আট বছর পর সেলুলয়েডে আবার ফিরছে জোকার। শোনা যাচ্ছে এবার এই কঠিন দায়িত্বটি নিজের কাঁধে তুলে নিতে যাচ্ছেন অস্কারজয়ী অভিনেতা ও সংগীতশিল্পী জ্যারেড লেটো।
'ডিসি কমিক্স ইউনিভার্স'-এর পরবর্তী সিনেমা 'ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অফ জাস্টিস' মুক্তি পাচ্ছে ২০১৬ সালে। তবে এই সিনেমাতে দেখা যাবে না জোকারকে। ডেভিড অ্যায়ারের 'সুইসাইড স্কোয়াড' সিনেমাতেই আসছেন জোকার আর এ চরিত্রটিকে রূপদান করতে পারেন লেটো।
তবে লেটোই নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না। জোকার চরিত্রে প্রথমে অভিনেতা রায়ান গসলিংকে বাছাই করা হলেও অনেকগুলো সিকুয়ালে অভিনয়েরে চাপ নিতে না চাওয়ায় প্রস্তাবটি তিনি ফিরিয়ে দেন।
ডিসি কমিক্সের সুপারভিলেইনদের নিয়ে সিনেমা 'সুইসাইড স্কোয়াড'-এর অন্যা চরিত্রগুলোর জন্যও খোঁজা হচ্ছে অভিনেতা-অভিনেত্রী। শোনা যাচ্ছে, উইল স্মিথ, টম হার্ডি এবং মারগট রবিকে দেখা যেতে পারে এই সিনেমাতে। 'ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান' সিনেমায় লেক্স লুথার চরিত্রে অভিনয় করা জেসি আইজেনবার্গও থাকছেন সিনেমাতে। আর হার্লি কুইন চরিত্রটির জন্য বিবেচনা করা হচ্ছে ব্রিটিশ মডেল ও অভিনেত্রী কারা ডেলভিনকে।
ভয়াবহ এই খলচরিত্রদের নিয়ে নির্মিত 'সুইসাইড স্কোয়াড' মুক্তি পাবে ২০১৬ সালের ৫ই আগস্ট।
