২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মহত্যাই করেন রবিন উইলিয়ামস

মার্কিন অভিনেতা রবিন উইলিয়ামসের মৃত্যুর রহস্য উদঘাটনে জন্য চালানো হয় বিশদ তদন্ত। অবশেষে ঘোষণা এল, আত্মহত্যাই করেছিলেন তিনি। এমনকি মৃত্যুর সময় তার শরীরে কোনো মাদক বা মদের আলামত পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 04:02 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

ক্যালিফোর্নিয়া তদন্ত কমিটি এই খবরটি নিশ্চিত করেছে। ১১ই অগাস্ট ক্যালিফোর্নিয়ায় নিজ বাসায় উইলিয়ামসের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। সে সময়ই সন্দেহ করা হয়েছিল এটি আত্মহত্যা।

শ্বাসরোধে অক্সিজেনের অভাবেই মৃত্যু ঘটে উইলিয়ামসের - এমনটাই জানা গেছে শুক্রবার দেওয়া ম্যারিন কাউন্টি করোনারের প্রতিবেদনে।

সেলুলয়েডের প্রাণবন্ত রবিন উইলিয়ামস ব্যক্তিগত জীবনে ছিলেন হতাশাগ্রস্ত। বিশেষ করে মৃত্যুর কিছুদিন আগেই তিনি পারকিনসন্সে আক্রান্ত বলে জানত পেরেছিলেন। গণমাধ্যমে সর্বশেষ তাকে দেখা যায় তার মৃত্যুর আগের দিন অর্থাৎ ১০ই অগাস্ট, সঙ্গে ছিলেন তার স্ত্রী সুজান স্নাইডার।

'ডেড পোয়েটস সোসাইটি', 'গুড উইল হান্টিং', 'গুড মর্নিং ভিয়েতনাম'-এর মতো অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন রবিন উইলিয়ামস। অনবদ্য অভিনয়ের স্বীকৃতি স্বরূপ সাফল্যের ঝুলিতে রয়েছে একটি অস্কারও।

এর আগে কয়েকটি সাক্ষাৎকারে উইলিয়ামস নিজের মাদক এবং মদে আসক্তি কাটিয়ে ওঠার সংগ্রামের ব্যাপারে কথা বলেছেন, এমনকি মজা করতেও ছাড়েননি। মৃত্যুর পর তার প্রতিনিধি জানান, জীবনের শেষ সময়টাতে মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। 

উইলিয়ামসের মৃত্যুর পর তার স্ত্রী স্নাইডার বলেন, "কিভাবে তিনি মারা গেলেন কিংবা তিনি ব্যক্তিগত জীবনে কিরকম ছিলেন, সেটা কেউ মনে রাখবে না। বরং, তার অসাধারণ অভিনয় এবং হাস্যোজ্জ্বল মুখের স্মৃতিটাই তার ভক্তকূলের হৃদয়ে বেঁচে থাকবে।”