ভারতীয় সিনেমা 'রোর' মুক্তি পেল ঢাকায়
ঢাকার স্টার সিনেপ্লেক্সে শনিবার মুক্তি পেয়েছে ভারতীয় সিনেমা ‘রোর: দ্য টাইগার্স অফ সুন্দরবনস’।
স্টার সিনেপ্লেক্সের শো-মোশন লিমিটেডের মাধ্যমে ভারত-বাংলাদেশ চলচ্চিত্র বিনিময় কার্যক্রমের অংশ হিসেবে ভারতীয় এই সিনেমা ঢাকায় প্রদর্শিত হচ্ছে। বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে শিশুতোষ চলচ্চিত্র ‘বৈষম্য’। সিনেমাটি মুম্বাইয়ে প্রদর্শিত হচ্ছে।
এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের বিপনন এবং যোগাযোগ বিভাগের জেষ্ঠ্য নির্বাহী মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “সাফটা চুক্তির আওতায় ভারত এবং বাংলাদেশের চলচ্চিত্র বিনিময়ের অংশ হিসেবে সিনেমাটি এনেছি আমরা। আমাদের দর্শকদের কথা মাথায় রেখে হিন্দি ভাষার এই চলচ্চিত্রটির বাংলায় ডাব করিয়েছি আমরা।”
মেসবাহ আরও বলেন, “সিনেমাটি সুন্দরবনের বাঘদের কাহিনি নিয়ে। খুব গুরুত্বপূর্ণ এক বার্তা আছে মানুষের জন্য। দিন দিন সংখ্যায় কমতে থাকা রয়েল বেঙ্গল টাইগার শিকার বন্ধের বার্তা বহন করে সিনেমাটি। সিনেমাটির ৮০ ভাগ শুটিংও হয়েছে বাংলাদেশের সুন্দরবনে। এসব দিক থেকেই বাংলাদেশি দর্শকদের জন্য সিনেমাটি আলাদা গুরুত্ব বহন করে বলেই আমরা মনে করেছি।”
অভিনেতা কামাল সাদানাহ পরিচালিত প্রথম সিনেমা ‘রোর: দ্য টাইগার্স অফ সুন্দরবনস’ ভারতে মুক্তি পেয়েছে ৩১শে অক্টোবর। বক্স-অফিসে খুব একটা সাড়া না ফেললেও প্রথম চার দিনে সিনেমাটি আয় করে নিয়েছে সাড়ে পাঁচ কোটি রুপির বেশি। সিনেমায় অভিনয় করেছেন আভিনাভ শুক্লা, হিমার্শা ভেঙ্কটসোয়ামি, আচিন্ত কাউর, নোরা ফেতাহি।
