২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নাচে, গানে ভরপুর সিনেমায় নায়িকা হতে চাই'

সিনেমা, নাটক -দুই মাধ্যমেই সমান ব্যস্ত হতে চান অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তবে পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের সিনেমায় এখনও দেখা যায়নি তাকে। তাই এখন নতুন প্রজন্মের এই অভিনেত্রীর ইচ্ছা নাচে,গানে ভরপুর রোমান্টিক সিনেমাতে নায়িকা হবেন।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 10:01 AM

Updated : 13 Oct 2022, 12:39 PM

পুরনো খবর:

অনশন করছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
অপেক্ষায় জ্যোতি

সম্প্রতি সাজ্জাদ হোসেন দুদুল পরিচালিত ‘কাক কোকিল’ নাটকের সেটে গ্লিটজের সঙ্গে এক আলাপচারিতায় মেতেছিলেন জ্যোতিকা জ্যোতি।

গ্লিটজ: শোনা যাচ্ছে, নতুন বছরের শুরুতে আপনি বাণিজ্যিক সিনেমাতে অভিনয় করবেন। দর্শক জ্যোতিকে কোন রূপে দেখবে?

জ্যোতি: আগামী বছরের শুরুতেই সিনেমার শুটিং শুরু হবে। তবে এ মুহূর্তে সিনেমার ব্যাপারে বিস্তারিত বলব না। সিনেমার গল্পটি শুনেছি। এখন নিজেকে গুছিয়ে নেওয়ার পালা। শুধুতো অভিনয় জানলেই চলবে না। সিনেমার আদ্যোপান্ত নিয়ে এখন পড়াশোনা করছি।

গ্লিটজ: বাণিজ্যিক সিনেমাতে অভিনয়ের সিদ্ধান্ত কি হুট করে নিয়ে ফেললেন?

জ্যোতি: মোটেই না। আমি অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছি। প্রথম সিনেমা আমার জন্য বড় একটি ব্যাপার। এটা একটা ঝুঁকির বিষয়ও বটে। প্রথম সিনেমাটি নিয়ে একটু বেশিই যাচাই-বাছাই করেছি। ‘জীবনঢুলী'র পর বেশ কয়েকটি বাণিজ্যিক সিনেমার অফার পেয়েছিলাম। কিন্তু অধিকাংশ সিনেমার গল্প ও সহ-অভিনেতা পছন্দ না হওয়ায় পরিচালকদের ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি। সবকিছু মনের মতো না হলে সিনেমাতে সাইন করছি না।

গ্লিটজ: তাহলে এখন বাণিজ্যিক সিনেমার জন্য পুরোপুরি প্রস্তুত আপনি?

জ্যোতি: আমি বাণিজ্যিক সিনেমার জন্য পুরোপুরি তৈরি। আমি ভালো গল্প নিয়ে নির্মিত সিনেমাতে অভিনয় করতে চাই, যা সব শ্রেণীর মানুষ দেখবে।

গ্লিটজ: সিনেমায় ব্যস্ত হয়ে পড়লে টিভি কি ছেড়ে দেবেন?

জ্যোতি: চলচ্চিত্রে নিয়মিত হতে পারলে আমি নাটক করতে চাই না। আমি বছরে তিন চারটি সিনেমা করতে পারলে নাটকে আর কাজ করব না। কিন্তু যেহেতু আমার অন্য কোনো পেশা নেই, তাই আমাকে অভিনয় নিয়মিত চালিয়ে যেতে হবে। সে আমার টাকার জন্য হোক আর চর্চার জন্যই হোক।

গ্লিটজ: নাটকের প্রতিষ্ঠিত শিল্পীদের দর্শক বড় পর্দায় সেভাবে গ্রহণ করছে না। আপনি তবুও সিনেমাতে অভিনয় করতে আগ্রহী কেন?

জ্যোতি: কথাটি আমি মানি না। আমি যদি ভালো অভিনয় করি, আমি যে মাধ্যমেই অভিনয় করি না কেন, দর্শক আমার সিনেমা দেখবে।

গ্লিটজ: প্রথম সিনেমা ‘আয়না’ থেকে সর্বশেষ সিনেমা ‘অনিল বাগচীর একদিন’- কোনোটিতেই আপনার চরিত্র তেমন প্রাধান্য পায়নি। একজন অভিনেত্রী হিসেবে বিষয়টিকে কিভাবে নিয়েছেন আপনি?

জ্যোতি: আমার চরিত্রের ব্যাপ্তি কতটুকু হবে তা আসলে পরিচালক ঠিক করবেন। কিন্তু ‘জীবনঢুলী’ সিনেমাতে সন্ধ্যা চরিত্রটি আরও একটু বেশি ব্যাপ্তি দাবি করেছিল বলে আমার মনে হয়। দর্শকদের অনেকেই আমাকে বলেছে ব্যাপারটি। ব্যাপারটি আসলে খারাপ লেগেছে পরে। এছাড়া কবরী সারোয়ারের ‘আয়না’, বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ সিনেমায় আমার চরিত্রগুলোকে বড় পরিসরে রূপায়িত করতে পারেননি পরিচালকরা। এ নিয়ে আক্ষেপ করে আর কী হবে এখন!

গ্লিটজ: সিনেমাতে আপনি কোন ধরনের গল্পের প্রতি আগ্রহী?

জ্যোতি: সিনেমাতে আমি রোমান্টিক ধারার গল্পেই কাজ করতে চাই। তবে একই টাইপের চরিত্রে বারবার অভিনয় করবো না কখনও। দর্শকের বিরক্তির কারণ হয়ে যাবো তাহলে।

গ্লিটজ : ঈদে কটি নাটকে অভিনয় করলেন?

জ্যোতি : ঈদ উপলক্ষে এশিয়ান টিভির জন্য নির্মিত ছয়পর্বের ধারাবাহিক ‘কাক কোকিল’-এ অভিনয় করেছি। সাজ্জাদ হোসেন দুদুল পরিচালিত কমেডি ধাঁচের নাটকটিতে আমার সঙ্গে রয়েছেন মৌসুমী নাগ, শাহরিয়ার নাজিম জয় ও সাব্বির আহমেদ।

আরটিভির ছয়পর্বের বিশেষ ধারাবাহিক ‘লাঠিপাগল’- এ প্রথমবারের মতো অভিনয় করেছি চিত্রনায়ক রিয়াজের সঙ্গে। মাতিয়া বানু শুকু পরিচালিত ‘এক পায়ে নূপূর’ নাটকে প্রথমবারের মতো অভিনয় করলাম এক অটিস্টিক মেয়ের চরিত্রে। চরিত্রটি আমার ভীষণ পছন্দের। ভীষণ চ্যালেঞ্জিং মনে হয়েছে চরিত্রটি। নাটকটি এসএটিভির ঈদ আয়োজনে দেখা যাবে।

গ্লিটজ: ধারাবাহিক না এক ঘণ্টা -কোন ধারার প্রতি বেশি আগ্রহী আপনি? প্রায়ই পরিচালকরা চিত্রনাট্য ছাড়াই শুটিং করেন বলে শোনা যায়। শিল্পীরাও ব্যাপারটি মেনে নিয়ে কাজ করছেন। আপনি কি এর পক্ষে?

জ্যোতি: আমি অবশ্যই এক ঘণ্টার নাটকেই স্বচ্ছন্দ্য। পরিচালকরা প্রায়ই আমাদের কোনো চিত্রনাট্য দেন না। কিন্তু পরিচিত পরিচালকদের নাটকের গল্প পছন্দ হলে চিত্রনাট্য ছাড়াই কাজ করে ফেলি। পরিচালক যখন চিত্রনাট্য দেবেন না বলে জানান, তখন আমি নাটকের গল্পটি পুরোপুরি শুনে নিই। গল্প পড়ে যখন বুঝতে পারি যে চরিত্রটি আমি করতে পারবো, তখন কোনো চিত্রনাট্য লাগে না। তবে চরিত্রটি ঠিকমতো না বুঝে আমি কখনও সেটে যাই না।

গ্লিটজ: ছাড় দিতে গিয়ে কখনও বিপাকে পড়তে হয়নি?

জ্যোতি: খুব সম্প্রতি সুমন আনোয়ারের ‘বিজলি’ ধারাবাহিকের সেটেই বিপাকে পড়েছিলাম। ব্যাপারটি বেশ বিব্রতকরও ছিল।

আরটিভির চলমান ধারাবাহিক ‘বিজলি’র জন্য কোনো চিত্রনাট্য দেননি পরিচালক সুমন আনোয়ার। প্রথমে নাটকের নাম ছিল ‘গ্যাংস্টার’। আমি জানতাম, একদল বস্তিবাসীর অপরাধ জগতে জড়িয়ে পড়ার গল্প নিয়ে ধারাবাহিকটি নির্মিত হবে, যেখানে সব চরিত্রই সমান গুরুত্ব পাবে। কিন্তু পরে জানা গেল, নাটকের গল্প পরিবর্তিত হয়ে ‘বিজলি’ নামকরণ হয়েছে। নামভূমিকায় তিশা অভিনয় করবেন। ব্যাপারটি ভীষণ খারাপ লেগেছে।