অপেক্ষায় জ্যোতি
‘জীবনঢুলি’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তানভীর মোকাম্মেল পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন তিনি।
সরকারি অনুদানে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক ওই ছবি। মুক্তিযুদ্ধের সময় এক ঢুলির সংগ্রামী জীবনের ঘটনা নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনি।
এ সিনেমায় জ্যোতি এক নির্যাতিত নারীর ভূমিকায় অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ।
সারাহ বেগম কবরীর ‘আয়না’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় জ্যোতির। ‘বেদেনী’ শিরোনামে একটি ডকুমেন্টারি ও ‘কাঠগোলাপ’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন জ্যোতি।
জ্যোতিকা জ্যোতি টিভিপর্দাতেও সমান ব্যস্ত। এখন তিনি অভিনয় করছেন পাঁচটি ধারাবাহিক ও নয়টি এক ঘণ্টার নাটকে।
জ্যোতি অভিনীত পাঁচটি ধারাবাহিক হল-- হাবিব মাসুদের ‘বেলা অবেলা’, খলিলুর রহমানের ‘সময়ের হাতঘড়ি’, মঈন খানের ‘জীবনের রং’, তারেক মিন্টুর ‘বেদম ছুটছে সভ্যতা’, ইকবাল হোসেনের ‘যৌতুক’।
এছাড়াও ফেরদৌস কোরায়সীর ‘পাথর বাগান’, ইশতিয়াক মাহমুদের ‘জলকন্যা’, তুহিন অবন্তের ‘চক্রবলয়’, সালেহ আহমেদের ‘কাঁটাতারের বেড়া’, দিমা নেফারতিতির ‘স্বপ্ন দেখার সাহস’, রাসেল আজমের ‘মুক্তাহীন ঝিনুক’, শতাব্দী জাহিদের ‘স্বপ্নভুবন’, বদিউজ্জামান খানের ‘সেদিন বসন্ত’, ইকবাল হোসেনের ‘স্বপ্নের সেই পড়োবাড়ি’ নাটকেও অভিনয় করেছেন।
জ্যোতি জানান, নাটকগুলো খুব শীঘ্রই বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।
বেলা অবেলা নাটকে জ্যোতি অভিনয় করেছেন এক মুক্তিযোদ্ধার মেয়ের ভূমিকায়।
জ্যোতি বলেন, “ভালো চরিত্র পেলে দুই মাধ্যমেই নিয়মিত অভিনয় করব।”
