২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স অফিসে ঠান্ডা ‘খুবসুরত’

চলতি সপ্তাহে ভারতে মুক্তি পেয়েছে ‘খুবসুরত’ এবং ‘দাওয়াত-এ-ইশক’। রোমান্টিক কমেডি ধাঁচের দুটি সিনেমাতেই অভিনয় করেছেন নতুন প্রজন্মের শিল্পীরা। কিন্তু মুক্তির চার দিন পার হবার পরও বক্স অফিস গরম করতে পারছে না কেউই।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 05:29 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

শুরুটা ভালো হলেও মুক্তির চার দিনের মধ্যে বক্স অফিসে ফিকে হয়ে গেছে সোনাম কাপুরের ‘খুবসুরত’। অপরদিকে ‘খুবসুরত’কে হার মানিয়েছে ‘দাওয়াত-এ-ইশক’, যদিও ছুঁতে পারেনি দর্শকের প্রত্যাশাকে।  

ছোটবোন সোনামের জন্য ডিজনির সঙ্গে মিলে ‘খুবসুরত’ প্রযোজনা করেছেন বড়বোন রিয়া কাপুর এবং অনিল কাপুর। রেখা অভিনীত ‘খুবসুরত’ সিনেমার রিমেইক ছিল এটি। আশির দশকের শুরুতে মুক্তি পাওয়া ‘খুবসুরত’এর জন্য সেবছর ফিল্মফেয়ার পুরস্কার পান রেখা। 

‘খুবসুরত’এ সোনামের বিপরীতে অভিনয় করেন পাকিস্তানের ফাওয়াদ খান। ভারতে তার জনপ্রিয়তা দেখে অনেকেই ভেবেছিলেন সোনামের সঙ্গে তার জুটি হয়তোবা বাজিমাত করবে এবার। কিন্তু সিনেমাহলে চোখে পড়েনি ফাওয়াদের সেই জনপ্রিয়তা।

মাল্টিমিডিয়া কম্বাইনস কোম্পানির রাজেশ থাদানি বলেন, ‘ফাওয়াদ খানের পাশাপাশি এই সিনেমার জন্য একসঙ্গে কাজ করেছে অনিল কাপুর এবং ডিজনি ইন্ডিয়া। যা সিনেমাটির ব্যাপারে দর্শকের প্রত্যাশা আরও বাড়িয়ে দেয়।‘

কিন্তু প্রথম চার দিনে সিনেমাটির আয় হয়েছে মাত্র ১৩ কোটি ৭৫ লাখ রুপি। ‘খুবসুরত’ নির্মাণ করেছেন শাশাংকা ঘোষ।

হাবিব ফয়সাল পরিচালিত ‘দাওয়াত-এ-ইশক’ সিনেমাটিও দর্শক টানতে পারেনি হলে। তবে ‘খুবসুরত’এর চাইতে ভাল আয় করেছে সিনেমাটি, জানিয়েছেন থাদানি।

‘দাওয়াত-এ-ইশক’ সিনেমার প্রচারণার জন্য ‘ফুড ইয়াত্রা’র ব্যবস্থা করেছিলেন নির্মাতারা, দর্শকের সঙ্গে মিলে সেখানে বিভিন্ন খাবার খেয়েছেন সিনেমাটির অভিনেতা আদিত্য রয় কাপুর এবং পারিনিতি চোপড়া।