২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের নীতি

বলিউডেরে ‘কিং খান’ বলা হয় তাকে।গত কয়েক বছরে  তার প্রতিটি সিনেমাই হয়েছে ব্লকবাস্টার হিট। সেই শাহরুখ খানই বলছেন, বছরে দুটির বেশি সিনেমায় কোনোমতেই অভিনয় করা সম্ভব নয় তার পক্ষে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেঁজুতি শোণিমা নদী

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2014, 04:26 PM

Updated : 22 Aug 2022, 07:07 PM

“আমি একই সময়ে একটির বেশি সিনেমায় কাজ করতে পারিনা। এ কারণে বছরে দুটি, কিংবা খুব বেশি হলে আড়াইটি সিনেমার কাজ হাতে নেই।”

একটি সিনেমার শুরু থেকে শেষ অবধি পুরো নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকাটা খুবই উপভোগ করেন শাহরুখ। তাছাড়া টানা কাজ করার পর পরিবারকে সময় দেওয়াটাও তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর এ কারণেই একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করাটা পছন্দ করেন না তিনি

“আমি কখনও একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করিনি। ২৫ বছরের ক্যারিয়ারে কাজ করেছি ৫৫টি সিনেমায়।  বছরে দুটি কিংবা আড়াইটির বেশি সিনেমায় কখনোই কাজ করিনি আমি। এমনকী যখন অনেক নায়ক বছরে ১২টা করে সিনেমায় কাজ করতো, তখনও আমি এমনটা করিনি।”

তিনি আরও বলেন, “আমি এভাবেই কাজ করতে পছন্দ করি। একই সময়ে একটা সিনেমাতেই কাজ করাটা উপভোগ করি আমি। এরপর খানিকটা বিরতি নিই। আমার সন্তানদের সঙ্গে সময় কাটাই। তারপর অন্য সিনেমার কাজে যোগ দিই।”

অভিনয় ছাড়াও প্রযোজনা, আইপিএলে নিজের দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সম্পৃক্ততা- এমন নানা কাজেও ব্যাস্ত থাকতে হয শাহরুখকে। আর তাই একটি সিনেমা শেষ করেই আরেকটির কাজে ঝাঁপিয়ে পড়া কিংবা অনেকগুলো সিনেমায় একসঙ্গে কাজ করাটা তার হয়ে ওঠেনা।

মুক্তির অপেক্ষায় আছে শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’। ১৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমার শুটিং শেষ হয়ে গেলেও পরবর্তী সিনেমা ‘ফ্যান’-এর কাজে এখনও যোগ দেননি তিনি। হাতে আছে ‘রাইস’ নামের আরও একটি সিনেমা আর রোহিত শেঠির নাম চূড়ান্ত না হওয়া সিনেমা।

“ ‘হ্যাপি নিউ ইয়ার’ অনেক বড় একটি সিনেমা। এর কাজ শেষ হতে লেগেছে ১৭০ দিন। অর্থাৎ প্রায় অর্ধেক বছর। এখন আমি আমার পরের সিনেমার নির্মাতাদের বলে ২০ দিনের ছুটি নিয়েছি।”

‘হ্যাপি নিউ ইয়ার’-এ শাহরুখের বিপরীতে তৃতীয়বারের মতো দেখা যাবে দিপিকা পাড়ুকোনকে। এই জুটির আগের দুই সিনেমাই ছিল ব্লকবাস্টার হিট। সর্বশেষ সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’  হিন্দি সিনেমার ইতিহাসের সবচেয়ে সফল সিনেমাগুলোর একটি। কাছের বন্ধু এবং নির্মাতা ফারাহ খানের সঙ্গে শাহরুখের তৃতীয় সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এ  আরও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, বোমান ইরানি, সোনু সুদ এবং ভিভান শাহ। সিনেমাটি ব্যবসাসফল হবে বলেই আশা করছেন শাহরুখ।

“দিওয়ালির সময়ে সবাই আনন্দে থাকতে চায়। ‘হ্যাপি নিউ ইয়ার’ পুরোপুরি খাঁটি বলিউডি সিনেমা। আশা করছি, সবার মুখে হাসি এনে দেবে সিনেমাটি।”