লুসি আর এইপরা ঢাকায়
সাই-ফাই ধাঁচের দুটি সিনেমা মার্কিন সিনেমা 'ডন অব দ্য প্ল্যানেট অব দ্য এইপস’ এবং ‘লুসি’ মুক্তি পাচ্ছে ঢাকায়। শনিবার থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে সিনেমা দুটি।
‘দ্য এইপস’ সিরিজের সর্বশেষ সিনেমা ‘রাইজ অফ দ্য প্ল্যানেট অফ দ্য এইপস’-এর সাফল্যের পর এর সিকুয়াল ‘ডন অফ দ্য প্ল্যানেট অফ দ্য এইপস’ ছিল এই বছরের সবচেয়ে প্রতিক্ষীত সিনেমাগুলোর একটি। সিনেমায় অ্যান্ডি সারকিসের সঙ্গে নতুন দুটি চরিত্রে অভিনয় করছেন জেসন ক্লার্ক এবং গ্যারি ওল্ডম্যান।
সিরিজের নতুন সিনেমাতে দেখা যাবে, এইপদের অস্তিত্ত্বের সঙ্গে তাল মিলিয়ে উঠতে না পারা মানবসভ্যতা এবার সম্মুখীন হয় আরও ভয়াবহ এবং বুদ্ধিমান কিছু এইপের। ১১ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি।
‘ডন অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’ পরিচালনা করেছেন ম্যাট রিভস। ১৭০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সিনেমাটি মুক্তির প্রথম দুদিনেই আয় করে ফেলে ৩১ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার। প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করে ৭৩ মিলিয়ন মার্কিন ডলার।
ক্যামেরার পেছনে অনিয়মিত হয়ে গেলেও গত দুই দশকে দুর্দান্ত কিছু অ্যাকশন সিনেমা উপহার দেওয়া পরিচালক লুক বেসনের নতুন সিনেমা রোমাঞ্চে ভরপুর ‘লুসি’। স্কারলেট জোহানসন, মরগান ফ্রিম্যান, মিন-সিক চোইদের মতো বড় বড় তারকা অভিনয় করেছেন এই সিনেমায়।
নতুন ধরনের এক মাদক নিজের শরীরের মধ্যে বহন করতে বাধ্য করা হয় জোহানসনকে। নির্যাতনের শিকার জোহানসন সেই মাদকের প্রভাবে হয়ে যান অতিশক্তির অধিকারী। নিজের মস্তিষ্কের শতভাগ ব্যবহারের মাধ্যমে সময় এবং পরিপার্শ্বের দখল নিয়ে নেওয়ার ক্ষমতা পাওয়া জোহানসন কীভাবে রুখে দাঁড়াবেন চক্রান্তকারীদের বিরুদ্ধে, সেটি সিনেমাতে দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে শনিবার পযর্ন্ত। ২৫ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি।
এবার ঈদুল ফিতরে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছিল ‘ম্যালেফিসেন্ট’ ও ‘এজ অফ টুমরো’ সিনেমা দুটি। স্টার সিনেপ্লেক্সের বিক্রয় ও বিপণন কর্মকর্তা মেজবাহউদ্দিন আহমেদ গ্লিটজকে বলেন, “ঈদের পর আমরা দর্শকদের এখন নতুন কিছু উপহার দিতে চাই। ঈদের আগেই আমরা সিনেমাগুলো নিয়ে এসেছিলাম। আশা করি ‘ডন অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’ এবং ‘লুসি’ সিনেমা দুটি দর্শকের ভালো লাগবে।”
</div> </p>
