ঢাকায় ‘ট্রান্সফরমার্স: এইজ অফ এক্সটিংশন’
সারাবিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ট্রান্সফরমার্স’ সিরিজের চতুর্থ সিনেমা ‘ট্রান্সফরমার্স: এইজ অফ এক্সটিংশন’। ২৭ জুন ঢাকার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাচ্ছে।
এবারের সিনেমাটিতে থাকছে সম্পূর্ণ ভিন্ন এক কাহিনি। অটোবট আর ডিসেপটিকনের দ্বন্দ্ব এই সিনেমাতে মূল ঘটনা হিসেবে দেখা যাবে না। সিনেমার গল্প এগিয়ে যাবে কেইড ইয়েগার নামের একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার এবং তার টিন এজার মেয়ে টেসা ইয়েগারকে ঘিরে। কেইড তার মেয়ের জন্য কিনে আনে পুরনো জঞ্জাল থেকে পাওয়া একটি ট্রাক। তখন থেকেই বেশ অদ্ভুত কিছু কাণ্ড ঘটতে থাকে ট্রাকটিকে ঘিরে। একদিন কেইড আবিষ্কার করে, ট্রাকটি আসলে সাধারণ কোনো ট্রাক নয়। এটি অটোবটদের প্রধান ট্রান্সফরমার অপটিমাস প্রাইম।
মার্কিন মূলুকে সেন্টিনাল প্রাইমের আক্রমণের প্রায় চার বছর পর নিষিদ্ধ হয়ে যাওয়া ট্রান্সফরমারদের অস্তিত্ব মিলতে শুরু করে। এ নিয়ে ক্ষিপ্ত মার্কিন সরকার ট্রান্সফরমার্সদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে। কীভাবে ট্রান্সফরমাররা এই আক্রমণ ঠেকাতে একত্রিত হবে এবং সেই সঙ্গে আবার পৃথিবীর মানুষদের রক্ষায় সামনে এগিয়ে আসবে-- জানতে হলে দর্শকদের আপাতত অপেক্ষা করতে হবে ২৭ জুন পর্যন্ত।
ট্রান্সফরমার্স সিরিজের নতুন এই সিনেমায় এসেছে অনেকগুলো পরিবর্তন। স্যাম উইটউইকি চরিত্রে আগের তিনটি সিরিজে অভিনয় করা শিয়া লাবেউফ থাকছেন না নতুন সিনেমাটিতে। সিনেমার কেন্দ্রীয় চরিত্র কেইড ইয়েগার হিসেবে দেখা যাবে ৪৩ বছর বয়সী মার্কিন অভিনেতা মার্ক ওয়ালবার্গকে। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন নিকোলা পেল্জ, স্ট্যানলি টুচ্চি, জশুয়া জয়েস, কেলসলি গ্রামার, জ্যাক রেইনর, টিজে মিলার, থমাস লেনন প্রমুখ।
ট্রান্সফরমার্স হিসেবে আবারও পর্দায় দেখা যাবে অটোবটদের প্রধান অপটিমাস প্রাইমকে আর আগের মতোই চরিত্রটিতে কণ্ঠদান করবেন পিটার কালেন। পুরনোদের মধ্যে দেখা যাবে বাম্বলবি, র্যা চেট এবং ব্রেইন্সয়ের মতো অটোবটদের। নতুন আকর্ষণ হিসেবে সিনেমাতে থাকছে ডাইনোসর ট্রান্সফরমার।
এবারের সিনেমাটিও পরিচালনা করছেন মাইকেল বে। এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে আবারও সিরিজটি প্রযোজনার দায়িত্বে থাকছেন তিনবার অস্কারজয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গ।
