২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে ঢাকায় ‘ম্যালেফিসেন্ট’ ও ‘এজ অফ টুমরো’

ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ঢাকায় মুক্তি পাচ্ছে দুই হলিউডি সিনেমা ‘এজ অফ টুমরো’ এবং ‘ম্যালেফিসেন্ট’।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 07:25 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

টম ক্রুজ এবং এমিলি ব্লান্ট অভিনীত সাই-ফাই সিনেমা ‘এজ অফ টুমরো’ মুক্তি পাচ্ছে ১৮ জুলাই। অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ডিজনি মুভি ‘ম্যালেফিসেন্ট’ আসছে রমজান মাসের তৃতীয় সপ্তাহেই। দুটি সিনেমাই মুক্তি পাবে রাজধানীর মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সে।

স্টার সিনেপ্লেক্সের ব্যাবস্থপাক মেজবাহ উদ্দীন আহমেদ জানান, “এবারের ঈদের মূল আকর্ষণ হিসেবেই হলিউডের এই দুই ব্লকবাস্টার হিট সিনেমা নিয়ে আসছি আমরা। এর মধ্যে ‘এজ অফ টুমরো’ দেখা যাবে ১৮ তারিখ থেকেই। ঐ সপ্তাহেই ‘ম্যালেফিসেন্ট’ও মুক্তি দেব আমরা।”

ঈদে হলিউডি এই দুই সিনেমার পাশপাশি মুক্তির প্রতীক্ষায় আছে ঢাকাই সিনেমা ‘মোস্ট ওয়েলকাম টু’। অনন্ত জলিল এবং বর্ষা অভিনীত ২০১২ সালের হিট সিনেমা ‘মোস্ট ওয়েলকাম’-এর সিকুয়েল এটি। প্রথম সিনেমাটির পরিচালনা করেছিলেন অনন্য মামুন। এবারের সিনেমায় অভিনয় এবং প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেছেন অনন্ত জলিল।

চলতি বছরের ৬ জুন মুক্তি পাওয়ার পরপরই টানা তিন সপ্তাহ বক্স অফিসের শীর্ষে থাকা সাই-ফাই সিনেমা ‘এজ অফ টুমরো’ পরিচালনা করেছেন ডাগ লেম্যান। জাপানি উপন্যাস ‘অল ইউ নিড ইজ কিল’ অবলম্বনে তৈরী এই সিনেমার গল্প এগিয়েছে ভবিষ্যতের পৃথিবীকে ঘিরে, যেখানে ভিনগ্রহবাসীদের সঙ্গে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে মানব জাতি। ওই লড়াইয়ের অন্যতম যোদ্ধা মেজর উইলিয়াম কেজের গল্পই পর্দায় তুলে এনেছেন ‘মিশন ইম্পসিবল’ খ্যাত টম ক্রুজ।

ওদিকে ডিজনির সর্বশেষ সিনেমা ‘ম্যালেফিসেন্ট’-এ হলিউডের সেরা সুন্দরীদের একজন অ্যাঞ্জেলিনা জোলি আবির্ভূত হয়েছেন ভয়ঙ্কর এক ডাইনির রূপে। রূপকথানির্ভর ডিজনি অ্যানিমেশন সিনেমা ‘স্লিপিং বিউটি’র খল চরিত্র ম্যালেফিসেন্টকে ঘিরেই এগিয়েছে সিনেমার গল্প।