আসছে বুড়ো শার্লক হোমস
স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস সেলুলয়েডে এসেছেন নানা বহুবার। ক্ষ্যাপাটে এই গোয়েন্দাকে আরও একবার দেখা যাবে বড় পর্দায়। তবে এবার তার বয়স ৯৩ আর গোয়েন্দাগিরি থেকেও নিয়েছেন অবসর।
বুড়ো শার্লককে পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব পড়েছে ‘এক্স-মেন’ সিরিজের দুর্ধর্ষ মিউট্যান্ট ‘ম্যাগনিটো’ ইয়ান ম্যাককেলেনের উপর।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘শার্লক হোমস’-এর সাজে নিজের ছবি পোস্ট করেন ৭৫ বছর বয়সী এই অভিনেতা।
“এর আগে ৭০ জনেরও বেশি অভিনেতা শার্লক হোমস চরিত্রে অভিনয় করেছেন। এখন সে ৯৩ বছরের বুড়ো এবং এবার আমার পালা”-- ছবির সঙ্গে টুইট করেন ম্যাককেলেন।
‘মি. হোমস’ শিরোনামের এই নতুন সিনেমাতে শার্লক নতুন কোন রহস্যের পেছনে না ছুটলেও তাকে তাড়া করে বেড়াবে ৫০ বছর পুরোনো একটি অসমাপ্ত কেস। সহযোগী ডা. ওয়াটসন সঙ্গে নেই। কাজেই রহস্যের জট খুলতে শার্লক হোমস এবার মুখোমুখি হবেন জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের।
গল্পটা শার্লক হোমসের হলেও স্যার আর্থার কোনান ডয়েলের উপন্যাসনির্ভর নয় এই সিনেমার কাহিনি। বরং এই সিনেমার গল্পকাঠামো গড়ে উঠেছে মার্কিন লেখক মিচ কালিনের বই ‘আ স্লাইট ট্রিক অফ মাইন্ড’-এর উপর ভিত্তি করে।
পরিচালনায় আছেন ‘গডস অ্যান্ড মনস্টারস’ সিনেমার জন্য অস্কার জেতা বিল কন্ডন। সিনেমাটি পর্দায় আসার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে ২০১৫ সাল পর্যন্ত।
