২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমি মনোনয়নে শীর্ষে ‘গেইম অফ থ্রোন্স’

 এবারের এমি অ্যাওয়ার্ডসের ১৯টি বিভাগে মনোনয়ন পেয়েছে ব্রিটিশ টিভি সিরিজ ‘গেইম অফ থ্রোন্স’। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 06:16 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

পিছিয়ে নেই মার্কিন এএমসি নেটওয়ার্কের টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’ও। ১৬টি মনোনয়ন নিয়ে ‘গেইম অফ থ্রোন্স’-এর পরই অবস্থান করছে এই কাল্ট সিরিজ। এইচবিওর আরেকটি টিভি সিরিজ ‘ট্রু ডিটেক্টিভ’ পেয়েছে ১২টি ক্যাটাগরিতে মনোনয়ন। 

বৃহস্পতিবার ঘোষিত মনোনয়নে সেরা টিভি সিরিজগুলোর মধ্যে আরও রয়েছে ‘ডাউনটাউন অ্যাবি’, ‘হাউজ অফ কার্ডস’ এবং ‘ম্যাড মেন’।

কমেডি ঘরানার টিভি সিরিজগুলোর মধ্যে মনোনয়ন জিতে নিয়েছে ‘দ্য বিগ ব্যাং থিওরি’, ‘লিউই’, ‘সিলিকন ভ্যালি’, ‘ভিপ’, ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’ এবং চার বার এমি জেতা টিভি সিরিজ ‘মডার্ন ফ্যামিলি’। 

সেরা অভিনেতা হওয়ার দৌড়ে একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন ‘ট্রু ডিটেক্টিভ’ এর কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা ম্যাথিউ ম্যাককোনাহে এবং উডি হ্যারলেসন। মনোনয়ন পেয়েছেন ‘হাউজ অফ কার্ডস’ এর কেভিন স্পেসি, ‘ম্যাড মেন’ এর জন হ্যাম এবং ‘দ্য নিউজরুম’ এর জেফ ড্যানিয়েলস। 

সেরা মিনিসিরিজগুলোর মনোনয়নে এগিয়ে আছে বিবিসির ‘শার্লক’ এবং এফএক্সের ‘ফার্গো’। মিনিসিরিজে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন 'শার্লক'-এর দুই মূল অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং মার্টিন ফ্রিম্যান। 'ফার্গো’র জন্য ফ্রিম্যান পেয়েছেন আরেকটি মনোনয়ন। প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সিরিজের সাইকো সিরিয়াল কিলার ‘লর্ন মালভো’ চরিত্রে অভিনয় করা বিলি বব থ্রন্টন।

এবারের মনোনয়নে অন্য সব টিভি নেটওয়ার্কের চেয়ে এগিয়ে আছে এইচবিও। এবার সর্বোচ্চ ৯৯টি মনোনয়ন জিতে নিয়েছে এইচবিও। অন্যদিকে নেটফ্লিক্স জিতেছে মোট ৩১টি মনোনয়ন।

ড্রামা সিরিজে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন ‘ডাউনটাউন অ্যাবি’-র মিশেল ডকরি, ‘দ্য গুড ওয়াইফ’-এর জুলিয়ানা মারগুলিস, ‘হাউজ অফ কার্ডস’-এর রবিন রাইট, ‘মাস্টার অফ সেক্স’-এর লিজি চ্যাপলিন এবং ‘হোমল্যান্ড’-এর ক্লেয়ার ড্যান্স।

মিনিসিরিজ/টিভি মুভি ক্যাটাগরিতে ১৭টি নমিনেশন নিয়ে অন্যান্য সিরিজগুলোর থেকে এগিয়ে আছে 'আমেরিকান হরর স্টোরি: কভেন’। মিনিসিরিজে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়নও পেয়েছেন সিরিজটির অভিনেত্রী জেসিকা ল্যাঙ্গে। 

এবারের এমি আসরে এনবিসির টিভি সিরিজ ‘হ্যানিবাল’ কোনো ক্যাটাগরিতে মনোনয়ন পায়নি।

৬৬তম এমি অ্যাওয়ার্ডসের আসর বসতে যাচ্ছে ২৫ আগস্ট। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মার্কিন অভিনেতা সেথ মেয়ার্স।