উত্তর কোরিয়ায় ‘শার্লক’
বিবিসির টিভি সিরিজ ‘শার্লক’ উত্তর কোরিয়াতে প্রদর্শিত হবে। দেশটিতে ‘পরিবর্তনকে উৎসাহিত’ করার আশায় যুক্তরাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে ২০১২ সালে পিয়ংইয়ং ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়েছিল সিরিজটি।
যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র এবং কমনওয়েলথ কার্যর্ালয় থেকে জানানো হয়, “উত্তর কোরিয়াকে বহির্বিশ্বের সংস্কৃতির ব্যাপারে আরও বেশি উদার হতে উৎসাহিত করার পদক্ষেপের অংশ হিসেবেই নেওয়া হচ্ছে এই উদ্যোগ।”
বিভাগটির এক মুখপাত্র বলেন, “উত্তর কোরিয়ার অধিকাংশ মানুষই তাদের নিজেদের, সোভিয়েত রাশিয়ার আর চীনে তৈরী সিনেমা ছাড়া আর কিছু দেখার সুযোগ পায় না। ২০১২ সালের উৎসবে অংশ নেওয়াটা ছিল দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদানের এক ছোট্ট অংশ। এর মাধ্যমে আমরা তাদেরকে দেখাতে চেয়েছিলাম, বাইরের জগতের সংস্কৃতিকে, যা তাদের নিত্যদিনের দুনিয়া থেকে অনেকটাই আলাদা।”
এদিকে, বিবিসির তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে সিরিজের পরবর্তী সিজনের। ‘শার্লক’-এর চতুর্থ কিস্তি আসছে ২০১৫ সালেই। বরাবরের মতোই বিশেষ এক পর্বের পর আরও তিনটি পর্ব নিয়ে সাজানো হবে এই সিজন।
স্টিভেন মোফেট এবং মার্ক গ্যাটিসের এই সিরিজ এবার নাকি আরও রহস্য আর রোমাঞ্চ দিয়েই সাজানো হবে।
ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রিম্যান বলেন, “ অফ দ্য রেকর্ডে জানাচ্ছি, আমার ধারণা পরের বড়দিনেই দেখা যাবে ‘শার্লক’। বড়দিনের বিশেষ পর্ব নিয়ে আসছি আমরা।”
এদিকে বিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের সিজনেই নাকি সবচেয়ে চমকপ্রদ গল্প নিয়ে হাজির হচ্ছে সিরিজটি।
স্যার আর্থার কোনান ডয়েলের কিংবদন্তী এই গোয়েন্দা চরিত্রটিকে আধুনিক সংস্করণে নিয়ে আসা মোফেট বলেন, “অবশ্যই, সিরিজে কী হতে যাচ্ছে সেটা এতো তাড়াতাড়ি বলা যাবে না। তবে, এটা নিশ্চিত করেই বলতে পারি, শার্লক আর ওয়াটসনের সঙ্গে যা ঘটতে চলেছে, সেটা সবার কল্পনারও বাইরে।”
