টিভিই ভালো: অমিতাভ
শিগগিরই সনি টিভিতে প্রচারিত হতে যাচ্ছে নতুন টিভি সিরিয়াল ‘ইউধ'। এ সিরিয়ালের মাধ্যমেই ছোট পর্দায় অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে। বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের। আর ছোট পর্দায় কাজ করতে গিয়ে অমিতাভ বচ্চনের মনে হয়েছে সিনেমার চেয়ে টেলিভিশন কোনো অংশে কম তো নয়ই বরং উত্তম।
৭১ বছরের এই বর্ষীয়ান অভিনেতা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে বলেন, “টিভিকে আরও গুরুত্ব দেওয়া উচিৎ। আমার মনে হয়, কাহিনির বিষয়বস্তুর দিক দিয়ে টিভি এগিয়ে আছে। আর যার বিষয়বস্তু ভালো, তা সফল হবেই।”
তিনি বলেন যে, আটশ’রও বেশি চ্যানেল প্রতিযোগিতা করছে। আর তাই অভিনেতারা সবসময় ভিন্ন একটা কিছু করার উদ্দীপনা পাচ্ছেন।
ছোট আর বড় পর্দার মধ্যে তুলনা করতে গিয়ে বিগ বি বলেন, “আমার মনে হয় সিনেমার চাইতে টিভি ভালো। এ বিষয়ে আমার জ্ঞান খুব সীমিত হলেও আমি জানি ভারতে টিভির আয় সিনেমার চাইতে তিনগুণ বেশি। আর টিভির প্রভাব বিস্তার সবেই শুরু হয়েছে।”
`ইয়ুধ’ সিরিয়ালে রিয়েল এস্টেট ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করছেন সিনিয়র বচ্চন। সিরিয়ালটি পরিচালনা করছেন ‘ভিকি ডোনার’-খ্যাত পরিচালক সুজিত সরকার। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছেন অনুরাগ কাশ্যাপ। এ সিরিয়ালে আরও অভিনয় করছেন কে কে মেনন, তিগমানশু ধুলিয়া, সারিকা এবং নাওয়াজুদ্দিন সিদ্দিকি।
টিভি জগতের টিআরপি নিয়ে যুদ্ধটা অবশ্য এখনও বুঝে উঠতে পারেননি বলে জানিয়েছেন ‘কৌন বানেগা ক্রোড়পাতি’র সফলতম উপস্থাপক অমিতাভ বচ্চন।
বিগ বি বলেন, “আমি ঠিক জানি না এটা ঠিক কীভাবে কাজ করে। ক্যামেরা চালু হলে কী করতে হবে, আমি শুধু সেটাই জানি। পরিচালক আর লেখকরা আমাদের চেয়েও বেশি পেশাদার। কখন কোন বিষটা উপস্থাপন করতে হবে সেটা তারাই ভালো বোঝেন। আমরা অভিনেতারা শুধু তাদের নির্দেশ অনুযায়ী কাজ করে যাই।”
