২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হলিউডি ছবির ‘নিষ্ঠুর জবাব’ দেবে উত্তর কোরিয়া

হলিউডি ছবিতে তাকে নিয়ে ‘মজা করায়’ চটে গিয়ে যুদ্ধ ঘোষণার হুমকি দিলেন উত্তর কোরিয়ার সর্বেসর্বা কিম জং উন। নানা বিচিত্র কারণে পশ্চিমা মিডিয়ায় শিরোনাম হওয়া উনের মোটেই পছন্দ হয়নি ‘দ্য ইন্টারভিউ’ ছবিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

হাসনাইন মাহমুদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 02:00 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

অক্টোবরে মুক্তি পেতে যাওয়া অ্যাকশন-কমেডি ঘরানার এ চলচ্চিত্রটি পরিচালনা করেছে ‘টোয়েন্টি ওয়ান জাম্প স্ট্রিট’-খ্যাত সেথ রোগেন। পরিচালনার পাশাপাশি সিনেমায় অভিনয়ও করেছেন তিনি। আরও আছেন ‘পাইনঅ্যাপল এক্সপ্রেস’-খ্যাত অভিনেতা জেমস ফ্রাঙ্কো।

ছবির কাহিনি একটি ইন্টারভিউকে ঘিরে। ইন্টারভিউদাতা আর কেউ নন, উন। আর তাকে সেখানেই গুপ্তহত্যার পরিকল্পনা করে সিআইএ। সিনেমায় সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে ফ্রাঙ্কোকে আর রোগেন অভিনয় করছেন প্রযোজকের চরিত্রে।

চলচ্চিত্রটির ট্রেইলারে কিম জং উন সদৃশ একজন অভিনেতা, উত্তর কোরীয় অস্ত্র ও ট্যাঙ্ক এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র দেখান হয়েছে।   

ছবিটির নাম উল্লেখ না করে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, “আমাদের প্রধান নেতাকে অপমান করে নির্মিত এ চলচ্চিত্রটি মুক্তি পেলে এটি হবে সন্ত্রাসী কার্যক্রমের অনুরূপ এবং যুদ্ধ ঘোষণার সামিল। উত্তর কোরিয়া এ অপমান কখনও সহ্য করবে না এবং এ অপমানের যথাযথ জবাব দিতে আমরা প্রস্তুত।”

উত্তর কোরিয়ার জাতীয় বার্তা সংস্থার মাধ্যমে দেয়া ঘোষণায় এই চলচ্চিত্রকে তিনি, ‘মার্কিন পাগলামি’ এবং পরিচালককে ‘গ্যাংস্টার পরিচালক’ আখ্যা দেন।

“এ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে উত্তর কোরিয়ার সাধারণ জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে ঘৃণা ছড়ানোর জন্যই। যদি আমেরিকান কর্তৃপক্ষ এ চলচ্চিত্রটি বন্ধ করার উদ্যোগ না নেয়, উত্তর কোরিয়া এর নিষ্ঠুর জবাব দেবে।” 

এ ঘটনায় রোগেন টুইটারে লেখেন, “সাধারণত মানুষ আমাকে মারতে চায় না যতক্ষণ পর্যন্ত তারা বারো ডলার খরচ করে আমার চলচ্চিত্র দেখে।”

রোগেন সম্প্রতি জানিয়েছেন উত্তর কোরিয়ায় জীবনের ঝুঁকি নিয়ে প্রবেশ করা সাংবাদিকেরাই তার এ চলচ্চিত্র নির্মাণের অনুপ্রেরণা।   

চলচ্চিত্রটি প্রসঙ্গে তিনি ইয়াহুকে জানান, “মানুষ সব সময়ই ভাবে পৃথিবীর সবচেয়ে ভয়ানক মানুষদের সঙ্গে সাংবাদিকেরা কীভাবে দেখা করে। অবশ্যই তাদের হত্যা করা সাংবাদিকদের পক্ষেই সব চেয়ে সহজ।”

তিনি আরও জানিয়েছেন, “চলচ্চিত্রটি নির্মাণের কথা ছিল কিম জন উন-এর বাবা উত্তর কোরিয়ার সাবেক একনায়ক কিম জং ইলকে নিয়ে। ২০১১ সালে কিম জং ইল এর মৃত্যুর পর চলচ্চিত্রটির চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়।”

বর্তমানে উত্তর কোরিয়ায় তিন মার্কিন নাগরিক আটক রয়েছেন। সম্প্রতি আটক হয়েছেন জেফ্রি এডওয়ার্ড নামে একজন পর্যটক।