২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নকলবাজ সালমান?

হলিউডি সিনেমার অনুকরণ হিন্দি সিনেমার জন্য মোটেও নতুন নয়। অস্কারে যাওয়ার জন্য মনোনীত সিনেমা ‘বারফি!’ কিংবা সুপারহিরো মুভি ‘কৃশ থ্রি’, বড় বাজেটের সিনেমায় হলিউডি সিনেমার প্রতিফলন দেখা যায় হরহামেশাই। বলিউডের দাবাং খান সালমান নতুন সিনেমা 'কিক' এর ওপরও পড়েছে হলিউডের ছায়া। 

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 07:06 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

মুক্তি পাওয়ার দুদিন না পেরোতেই ইউটিউবে ৪০ লাখ দর্শক দেখেছেন ‘কিক’-এর ট্রেইলার। কিন্তু ট্রেইলারেই অন্তত পাঁচটি দৃশ্যের একাধিক হলিউডি সিনেমার অ্যাকশন দৃশ্যের মিল রয়েছে বলে দাবি করছে ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া।

‘মিশন ইম্পসিবল’-এর সেই লাফ

পিঠে দড়ি বেঁধে সুউচ্চ দালান থেকে লাফ দেওয়ার একটি বিশেষ দৃশ্যের শুটিং করার জন্য পোল্যান্ড গিয়েছিলেন সালমান। বেশ ঘটা করেই ধারণ করা হয় সিনেমার ক্লাইম্যাক্সের সেই দৃশ্য, যেখানে সালমান ৪০তলা দালান থেকে লাফ দেন। 

কিন্তু টম ক্রুজ ভক্তদের কাছে সালমানের লাফ দেওয়ার এই দৃশ্যটি অনেকটাই পরিচিত লাগবে কারণ ঠিক এ রকমই একটি দৃশ্য দেখা গেছে ‘মিশন ইম্পসিবল ফোরঃ ঘোস্ট প্রোটোকল’-এ। যেখানে দুবাইয়ের সবচেয়ে উঁচু দালান বুর্জ খলিফার উপর থেকে এভাবেই লাফ দেন ক্রুজ।

‘স্পিড’-এর বাসের দৃশ্য 

যাত্রীসহ একটি বাস তীব্রগতিতে ছুটে চলছে হাইওয়েতে কিন্তু বাসটি থামানোর কোন উপায় নেই। কারণ এর ব্রেকটাই কাজ করছে না। শ্বাসরুদ্ধকর সেই মুহূর্তে এগিয়ে আসে নায়ক, জীবনবাজি রেখে যাত্রীদের বাঁচায় সে। দৃশ্যটি কিয়ানু রিভস অভিনীত সিনেমা ‘স্পিড’-এর । যার হুবুহু নকল চোখে পড়েছে ‘কিক’-এর ট্রেইলারে।

‘ফ্যান্টাস্টিক ফোর’-এর ব্রিজের দৃশ্য  

ট্রেইলারের শুরুতেই দেখা যায় একটি বাস ব্রিজ থেকে সমুদ্রে পড়ে যাচ্ছে। এখানেও নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালার অনুকরণ আসক্তি হলিউডি সিনেমাপ্রেমীদের চোখ এড়াবে না। দৃশ্যটা মিলে যায় সুপারহিরো মুভি ‘ফ্যান্টাস্টিক ফোর’ এর সঙ্গে। 

সিনেমাটিতে অনেকটা এ রকমই একটি দৃশ্য দেখা যায় যেখানে দমকল বাহিনীর একটি গাড়ি উল্টে পড়ে যায় সাগরে। ওখানে দমকলকর্মীদের এই বিপদ থেকে বাঁচাতে ছুটে এসেছিলেন সিনেমার অতিন্দ্রীয় শক্তিধর নায়ক, নায়িকারা। 

জোকারের মতো হাসি

'ব্যাটম্যান' সিরিজের খলনায়ক জোকারকে আরও একবার অনুকরণ করা হল হিন্দি সিনেমায়। ‘কৃশ’ সিনেমায় একটি বিশেষ দৃশ্যে ভিভেক ওবেরয়কে দেখা গেছে জোকারের মতো করে কথা বলতে। আর এবার সালমানের ‘কিক’-এ শোনা গেছে জোকারের হাসি।  

‘কিক’এ সালমানের নাম ভিলেন হলেও মূল ভিলেন হিসেবে দেখা যাবে নাওয়াজউদ্দিন সিদ্দিকিকে। ট্রেইলারে খলনায়কের হাসি দেখে ইতোমধ্যেই তার নাম হয়েছে বলিউডের ‘জোকার’!

‘দ্য এক্সপান্ডেবলস’-এর হেলিকপ্টার দৃশ্য

‘দ্য এক্সপান্ডেবলস টু’তে আকাশের উপর হেলিকপ্টারের ভেতর চলন্ত বাইক নিয়ে উঠে পড়েছিলেন অভিনেতা সিলভেস্টার স্ট্যালন। ঠিক এমনই এক দৃশ্য দেখা গেছে ‘কিক’-এর ট্রেইলারেও।