কুবের থেকে লালন
প্রমত্তা পদ্মা নদীর বুকে যে শক্ত হাতে নৌকার বৈঠা ধরতে পারে জেলেপাড়ার সেই সংগ্রামী জেলে কুবেরের সঙ্গে কলকাতার ঘোড়াগাড়ির গাড়োয়ান মনসুর মিয়ার জীবনধারার পার্থক্য অনেক, আবার অভিজাত সমাজের মাস্তান নাদিমের জীবনধারাও একেবারে অন্যরকম। এই বৈচিত্র্যকে যিনি ধারণ করতে পারেন নিজের মধ্যে, সার্থকভাবে রূপায়িত করতে পারেন পর্দায় আর স্থায়ী আসন গড়ে নেন দর্শক হৃদয়ে তিনিই সার্থক অভিনেতা। এমনি একজন অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। তিনি শুধু সুঅভিনেতাই নন, বাংলাদেশের অভিনয়জগতের উজ্জ্বল নক্ষত্র।
বাংলাদেশের যে কয়েকজন মুষ্ঠিমেয় অভিনয় শিল্পী মঞ্চ, বেতার, টিভি ও চলচ্চিত্রে সমানভাবে সফল তাঁদের মধ্যে প্রথম সারিতে আছেন রাইসুল ইসলাম আসাদ। ১৯৫২ সালের ১৫ জুন ঢাকায় রাইসুল ইসলাম আসাদের জন্ম।
ঢাকা কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন আসাদ। আসাদ ঢাকায় গেরিলা যুদ্ধে অংশ নিয়েছিলেন।
সদ্য স্বাধীন বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। সে সময় মঞ্চে যে এক দল তরুণ প্রতিভাবান নাট্যকর্মীর আবির্ভাব ঘটে আসাদ তাঁদের অন্যতম। অভিনয় করার উদ্দেশ্য তার মোটেই ছিল না। অনেকটা বন্ধুদের অনুরোধেই তার মঞ্চজগতে আসা। কিন্তু মঞ্চে আসার পর দেখা গেল তিনি অসম্ভব প্রতিভাবান একজন শিল্পী। ১৯৭২ সালে তিনি প্রথম মঞ্চ নাটকে অভিনয় করেন। ‘আমি রাজা হবো না’ এবং ‘সর্পবিষয়ক গল্প’ নাটকদুটিতে অভিনয় করেন তিনি।
খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রে ছোট্ট একটি চরিত্রে তিনি অভিনয় করেন। তার অভিনীত চরিত্রটি ছিল মুক্তিযোদ্ধার। ছবিটি ১৯৭৩ সালে মুক্তি পায়।
‘ইডিয়ট’সহ বিভিন্ন নাটকের মাধ্যমে টিভিতে অভিনয় শুরু করেন তিনি। ‘ইডিয়ট’ নাটকে তার চরিত্রটি ছিল এক অভিজাত মাস্তানের। খলনায়ক হলেও এটি গতানুগতিক খলনায়কের চরিত্র ছিল না। তিনি অত্যন্ত সার্থকভাবে নাদিম মাস্তানের চরিত্রটি ফুটিয়ে তোলেন।
টিভিনাটক ‘পাগড়ি’তে সিপাহি বিদ্রোহের সময়ে এক অভিজাত বংশের এক তরুণের ভূমিকায় অভিনয় করেন তিনি। সিপাহি বিদ্রোহের সৈনিক হিসেবে অনবদ্য অভিনয় করেন তিনি এ নাটকে।
চম্পার বিপরীতে ‘শাহজাদীর কালো নেকাব’-এ অসাধারণ অভিনয় করেন আসাদ। টিভি সিরিয়াল ‘সময় অসময়’-এ মূল চরিত্র মধুপাগলার ভূমিকায় অভিনয় করে দর্শকমন জয় করেন তিনি।
১৯৮০ সালে বিকল্পধারার চলচ্চিত্র ঘুড্ডিতে নায়কের ভূমিকায় তার অভিনয় দারুণভাবে দর্শক নন্দিত হয়। তবে আসাদ কখনই বাণিজ্যিক ধারার গতানুগতিক নায়কের ভূমিকায় অভিনয়ে আগ্রহী হননি।
তানভীর মোকাম্মেল পরিচালিত ‘লালন’ চলচ্চিত্রে লালন সাঁইয়ের ভূমিকায় তার অভিনয় চলচ্চিত্র বোদ্ধাদের ব্যাপক প্রশংসা লাভ করে। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘মনের মানুষ’ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে গৌতম ঘোষের পরিচালনায় অভিনয় করেন আসাদ। এ ছবিতে লালান সাঁইয়ের গুরু সিরাজ সাঁইয়ের ভূমিকায় অভিনয় করেন তিনি। রাইসুল ইসলাম আসাদ অভিনীত আরেকটি অসাধারণ চলচ্চিত্র ‘মনসুর মিয়ার ঘোড়া’। এ ছবিতে এক বৃদ্ধ গাড়োয়ানের ভূমিকায় আসাদ যে অভিনয় করেন তা অনবদ্য।
‘লাল দরজা’, ‘দুখাই’, ‘দূরত্ব’, ‘সুরুজ মিয়া’, ‘একই বৃত্তে’, ‘নদীর নাম মধুমতী’, ‘কীত্তনখোলা’, ‘আমার বন্ধু রাশেদ’, ‘উত্তরা’ ইত্যাদি বিকল্প ধারার চলচ্চিত্রের প্রতিটিতেই অসাধারণ অভিনয় করেন আসাদ। হিন্দি ছবি ‘পতঙ্গ’তে অভিনয় করেছেন তিনি।
অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটক ও ধারাবাহিক টিভিনাটক ‘শ্যাওলা’, ‘গহর গাছি’, ‘পৌষ ফাগুনের পালা’, ‘হৃদয়ের ছবি’, ‘চিঠি আসে না’ ইত্যাদিতে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন তিনি। ‘টেলিফিল্ম ১৯৭১’- এ তার সুঅভিনয় দর্শক স্মরণে রাখবে বহুদিন। আজাদ আবুল কালামের রচনায় ২০১০ সালে ধারাবাহিক নাটক ‘আলোছায়া’ পরিচালনা করেছেন তিনি।
