নাটমণ্ডলে ‘দক্ষিণা সুন্দরী’
কমনওয়েলথ গেমস ২০১৪’-এর সাংস্কৃতিক আয়োজনে মঞ্চায়নের জন্য নির্মিত নাটক ‘দক্ষিণা সুন্দরী’ প্রর্দশিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে। শুক্রবার সন্ধ্যায় বিশেষ প্রদর্শনী শেষে পরবর্তী তিন দিন নাটকটি দেখতে পারবেন সাধারণ দর্শক।
‘দক্ষিণা সুন্দরী’ নাটকের পটভূমি হিসেবে বেছে নেওয়া হয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে। নতুন নাট্যসংগঠন থিয়েট্রেক্স বাংলাদেশের দ্বিতীয় প্রযোজনা নাটকটি।
নাটকে গীত, নৃত্য ও বাদ্য সহকারে সর্বপ্রাণবাদী পাঁচালী আকারে উপস্থাপন করা হয়েছে বাংলার রূপকে। উপস্থাপনে অনুসরণ করা হয়েছে আখ্যানরীতি। কেন্দ্রীয় চরিত্র হিসেবে রয়েছে এক জোড়া মানব-মানবী। পুরুষ চরিত্রের নাম বনা আর নারী চরিত্র চন্দ্রে।
নাটকটির নিদের্শক সুদীপ চক্রবর্তী বলেন, “প্রকৃতি ও পুরুষের প্রতীক চরিত্র দুটি। প্রাচীন বঙ্গের এক জাতিসত্ত্বার উত্তরসুরিতা বহন করছে তারা।”
চরিত্র দুটিতে অভিনয় করেছেন আতিকুর রহমান ও নুসরাত শারমীন।
নাটকটি রচনা করেছেন শাহমান মৈশান। গবেষণা উপদেষ্টা ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, পোশাক পরিকল্পনা তত্বাবধানে ওয়াহীদা মল্লিক জলি, রূপসজ্জা পরিকল্পনা তত্ত্ববধানে রহমত আলী, নৃত্য বিন্যাস অমিত চৌধুরী, সংগীত পরিকল্পনায় নীলা সাহা, আলোক পরিকল্পনায় মীর্জা শাখেছেপ শাকিব ও আতিকুল ইসলাম, মুখোশ পরিকল্পনা সুশান্ত কুমার সরকার, দ্রব্য পরিকল্পনা খাঁন মো: রফিক, পট অংকন রঘুনাথ চক্রবর্তী, অভিনয় ও পোশাক পরিকল্পনা করেছেন আতিকুর রহমান, মাহজাবীন ইসলাম, নুসরাত শারমীন, সৈয়দা ইফাত আরা ও এস এম জুম্মান সাদিক এবং প্রযোজনা সহযোগিতায় ন্যাশনাল থিয়েটার অব স্কটল্যান্ড ও ব্রিটিশ কাউন্সিল।
নির্দেশক সুদীপ চক্রবর্তী গ্লিটজকে জানান, নাটকটি এবারের ‘গ্লাসগো কমনওয়েলথ গেমসে’র ‘টিন ফরেস্ট থিয়েটার উৎসব’-এর জন্য একটি বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার তত্বাবধায়ক ন্যাশনাল থিয়েটার অফ স্কটল্যান্ড, তাদের সহযোগিতা করেছে ব্রিটিশ কাউন্সিল।
বনবিবির পালা, গাজীর গান, প্রকৃতির পট ইত্যাদি বনভিত্তিক লোকাচারকে অনুষঙ্গ হিসেবে যুক্ত করে নির্মিত হয়েছে নাটকটি। ২৪ জুলাই এটি প্রদর্শীত হবে টিন ফরেস্ট থিয়েটার উৎসবে। তার আগে ৯ জুলাই ইংল্যান্ডের ম্যানচেস্টারে ‘কন্ট্যাক্টিং দ্য ওয়ার্ল্ড’ নাট্যোৎসব ও লন্ডনে ১৩ ও ১৪ জুলাই চিকেনশেড থিয়েটারের ‘শেডলিংক সেলিব্রেশনে’ অংশ নেবে
