২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের নাটক

কমনওয়েলথ গেমস ২০১৪ সালের আসর বসছে স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোতে। এ বছর গেমসের সাংস্কৃতিক আয়োজনের অংশ টিন ফরেস্ট থিয়েটার উৎসবে প্রথমবারের অংশ নিচ্ছে কোনো বাংলাদেশের নাটক। ‘দক্ষিণা সুন্দরী’ নামের নাটকটির রচয়িতা শাহমান মৈশান, নিদের্শক সুদীপ চক্রবর্তী।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 06:01 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

নির্দেশক সুদীপ জানান, নাটকে সুন্দরবনের পটভূমিতে ‘গীত, নৃত্য, বাদ্য’ সহকারে সর্বপ্রাণবাদী পাঁচালি আকারে উপস্থাপন করা হয়েছে বাংলার রূপ। উপস্থাপনে অনুসরণ করা হয়েছে আখ্যানরীতি।

‘দক্ষিণা সুন্দরী’ এক জোড়া মানব-মানবীর গল্প। পুরুষ চরিত্রের নাম বনা আর নারী চরিত্র চন্দ্রে। নাটকটিতে আরও উঠে এসেছে একটি জাতি গোষ্ঠীর প্রোথিত বিশ্বাস আর সভ্যতার বিবর্তনে প্রকৃতির সঙ্গে মানুষের বৈরিতা।

এবারের আসরের জন্য বিভিন্ন দেশের তরুণ নাট্যশিল্পীদের কাছে তাদের নাট্যভাবনা চাওয়া হয়, যেখানে থাকতে হবে দেশের ঐতিহ্য ও পরিবেশ নিয়ে চিন্তার প্রতিফলন।

সুদীপের মতে, “সুন্দরবন এই দেশের জনজীবনে ভীষণ গুরুত্ব বহন করে। নাটকে সর্বপ্রাণবাদী বিষয়বস্তুর মাধ্যমে একই সঙ্গে বাংলার রূপ-সৌন্দর্য, পরিবেশ ও শিল্পকলা তুলে ধরা হচ্ছে। নাটকে বনবিবির পালা, গাজীর গান, প্রকৃতির পট প্রভৃতিরও প্রতিফলন রয়েছে।”

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় ও পোশাক পরিকল্পনা করেছেন আতিকুর রহমান, মাহজাবীন ইসলাম, নুসরাত শারমীন, সৈয়দা ইফাত আরা ও এস এম জুম্মান সাদিক।

‘দক্ষিণা সুন্দরী’ নাটকের গবেষণা উপদেষ্টা ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, পোশাক পরিকল্পনা তত্ত্বাবধান করেছেন ওয়াহিদা মল্লিক জলি, রূপসজ্জা তত্ত্বাবধান করেছে রহমত আলী, নৃত্য পরিকল্পনা করেছেন অমিত চৌধুরী, সংগীত পরিকল্পনা করেছেন নীলা সাহা, আলোক পরিকল্পনা করেছেন মীর্জা শাখেছেপ শাকিব ও আতিকুল ইসলাম, মুখোশ পরিকল্পনা করেছেন সুশান্ত কুমার সরকার, দ্রব্য পরিকল্পনা খান মোহাম্মদ রফিক, পট অংকন রঘুনাথ চক্রবর্তী।

নাটকটি প্রযোজনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা দল ‘থিয়েট্রেক্স বাংলাদেশ’। সদ্য প্রতিষ্ঠিত দলটির দ্বিতীয় প্রযোজনা নাটকটি। উৎসবে তাদের জন্য বরাদ্দ করা হয়েছে ১ ঘণ্টা। নাটকটি মঞ্চায়ন হবে ২৪ জুলাই।

এবারের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাপক ন্যাশনাল থিয়েটার অব স্কটল্যান্ড চূড়ান্তভাবে নাম ঘোষণা করে কয়েকমাস আগে। কমনওয়েলথভুক্ত ৭১টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশসহ ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, মাল্টা ও জ্যামাইকা নাটক প্রদর্শন করবে।

সুদীপ আরও জানান, ‘থিয়েট্রেক্স বাংলাদেশ’ নাটকটি নিয়ে ম্যানচেস্টারের কন্টাক্টিং দ্য ওয়ার্ল্ড নাট্যোৎসবে ৯ জুলাই এবং লন্ডনে চিকেনশেড থিয়েটারের শেডলিংক সেলিব্রেশনে ১৩ ও ১৪ জুলাই যোগ দেবে।

বাংলাদেশে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে ১৩, ১৪ ও ১৫ জুন।