দেহদান করবেন ঋতুপর্ণা
ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মরণোত্তরে দেহদানের সিদ্ধান্ত নিয়েছেন।
শরীরের সব অঙ্গ দান করার মাধ্যমে এই অভিনেত্রী এ সংক্রান্ত কুসংস্কার দূর করার প্রয়াস চালাচ্ছেন, এমনটাই বলছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। হিন্দু সংস্কৃতিতে শরীরের কোনো অঙ্গ দান করার অনুমতি থাকলেও পুরো শরীর দান করার বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে।
খবরটি নিশ্চিত করে ঋতুপর্ণা বলেন, “আমি ‘মরণোত্তর দেহ দান’ ডকুমেন্টারির উদ্বোধনের দিন এই অঙ্গীকার করেছি।”
তিনি আরও বলেন, “প্রতিদিন আমাদের চারপাশে অনেক মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে। আর যদি আমাদের দেহের অঙ্গ কোনোভাবে তাদের কাজে লাগে, তবে তারা নতুন জীবন পেতে পারে।”
‘মরণোত্তর দেহ দান’ ডকুমেন্টারিটি নির্মাণ করেছেন পরিচালক দেবদূত ঘোষ। তিনি বলেন, “প্রায় প্রতিটি ধর্ম এবং সংস্কৃতিতে মানব দেহের অঙ্গ দান করার ব্যাপারে রয়েছে রক্ষণশীল মনোভাব। আমরা সবাই মানবতার কথা বলি, আশা করছি এবার সত্যিই আমরা মানুষের কথা ভেবে কিছু করব।”
