২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রণজিৎ রক্ষিতের একক আবৃত্তিনুষ্ঠান

চট্টগ্রামে হয়ে গেল রণজিৎ রক্ষিতের একক আবৃত্তি অনুষ্ঠান ‘সাধরে আজিকে প্রাণের সাধন’।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 04:42 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

শুক্রবার সন্ধ্যায় নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে চট্টগ্রামের শীর্ষ আবৃত্তি সংগঠনগুলোর একটি, বোধন আবৃত্তি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। রণজিৎ রক্ষিত সংগঠনটির সভাপতি।

দেশের বর্ষীয়ান এই আবৃত্তিশিল্পী সন্ধ্যা সাতটা থেকে টানা দুঘণ্টা বিভিন্ন কবির লেখা পঁচিশটি কবিতা পড়ে শোনান হলভর্তি দর্শকদের।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অ্যধাপক ড. অনুপম সেন।

অনুপম সেন বলেন, “কবিতা মানুষকে অমৃতের স্পর্শ দেয়, মহৎকাজে উৎসাহিত করে, লড়াই সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্দীপ্ত করে।”

অনুপম সেন  আবৃত্তিশিল্পীকে উত্তরীয় পড়িয়ে দেন। এরপর রণজিৎ রক্ষিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অন্তর মম’ কবিতা আবৃত্তির মাধ্যমে তার পরিবেশনা শুরু করেন।

জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’ কবিতা আবৃত্তির মাধ্যমে পরিবেশনা শেষ করেন তিনি।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের বিজ্ঞানের অবসরপ্রাপ্ত শিক্ষক রণজিৎ রক্ষিত ৫০ বছরেরও বেশি সময় ধরে নাটক, আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত আছেন।

আবৃত্তিতে অবদানের জন্য তিনি জেলা শিল্পকলা একাডেমী পদকসহ নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এছাড়া তিনি ভারত, যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশে আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি করেছেন।

বাংলাদেশের প্রথম পথনাটক ‘যায় দিন ফাগুন দিন’-এও অভিনয় করেছেন তিনি।