‘ইত্যাদি’র জন্য শুভকামনা
কেউ শুভকামনা জানিয়েছেন, কেউবা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, কেউ আবার বলছেন ‘হাজার বছর বেঁচে থাকবে’। প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র ২৫ বছর পূর্তিতে অনুষ্ঠানের পরিকল্পনাকারী ও সঞ্চালক হানিফ সংকেতের সাক্ষাৎকার এবং প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দেওয়া ‘ইত্যাদি’র কিছু দুর্লভ ছবি প্রকাশের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পেইজে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন পাঠকরা।
বেশিরভাগ পাঠকই স্মৃতিচারণ করেছেন। অনেকে জানিয়েছেন গঠনমূলক মতামতও।
মোহসিন কাজী আইডি থেকে মন্তব্য এসেছে, “একজন হানিফ সংকেত আর একটা ইত্যাদি, বাংলাদেশে দ্বিতীয়বার সৃষ্টি হবে না।”
‘আমিনা আহমেদ’ বলেন, “সেই ছোট্টবেলা থেকে ইত্যাদি দেখছি। কখনও ভাবিনি যে আমাদের সবার প্রিয় ও ভালোলাগার এই অনুষ্ঠানটির ২৫ বছর হয়ে গেছে। অনেক অনেক শুভ কামনা রইল।”
সাক্ষাৎকারে হানিফ সংকেতের “নতুন চ্যানেলগুলো অপসংস্কৃতি ছড়াচ্ছে”-- এ মন্তব্যের জবাবে এমডি আজিজ আর রহমান নিকধারীর বক্তব্য, এমন অনুষ্ঠান কমে যাচ্ছে তাই ‘অপসংস্কৃতি ছাড়া আর কী উপায় আছে?’
ইত্যাদির একটি সেগমেন্ট কাসেম টিভির প্রশংসা করেছেন ‘এমডি আমিনুর’।
জোয়েল বৈদ্য আইডিধারী আবার দাবি তুলেছেন শিশুতোষ অনুষ্ঠান নির্মাণের।
‘ইত্যাদি’র বিখ্যাত নানা-নাতি পর্বের শুটিং। দৃশ্যটিতে অভিনয় করেছিলেন প্রয়াত অমল বোস, হাসমত এবং নিপু।
ইত্যাদির নানা মুহূর্ত নিয়ে গ্লিটজের ছবিঘরেও অনেকে শুভকামনা জানিয়েছেন।
