“নতুন চ্যানেলগুলো অপসংস্কৃতি শেখাচ্ছে”
আশির দশকের শেষদিকে শুরু হয়েছিল ‘ইত্যাদি'র। বাংলাদেশের টিভি-ইতিহাসের অন্যতম এই জনপ্রিয় অনুষ্ঠানটির নির্মাতা হানিফ সংকেত গ্লিটজের দর্শকের জন্য মেলে ধরেছেন স্মৃতির পাতা। বর্তমান সময়টাকে নিয়েও খোলাখুলি বলছেন তাঁর ভাবনা। দীর্ঘ এই আলাপচারিতায় গ্লিটজের পক্ষ থেকে ছিলেন সেঁজুতি শোণিমা নদী। ক্যামেরাবন্দী করেছেন আসাদুজ্জামান প্রামাণিক।
গ্লিটজ: বাংলাদেশে ম্যাগাজিন অনুষ্ঠানের ধারাটির জনপ্রিয়তা বলতে গেলে ‘ইত্যাদি’ একাই ধরে রেখেছে। ২৫ বছর আগে আপনি যখন কাজ শুরু করলেন, নানান ধারার অনুষ্ঠান ভেতর ‘ম্যাগাজিন’কেই বেছে নিয়েছিলেন কেন?
হানিফ সংকেত: আসলে আমি কিন্তু কখনও টেলিভিশন জগতের মানুষ ছিলাম না, হতে চাইও নি। আমি লেখালেখি করতাম। সেই ১৯৭৫-৭৬ সালের দিকে যখন আমি ছাত্র ছিলাম তখন থেকেই। পরে আমার কাজের সূত্রে, আশির দশকে, আমি টেলিভিশন ভবনে কাজ করতে শুরু করলাম।
আমি টেকনিক্যাল লাইনের মানুষ, তাই পর্দার পেছনের কাজই আমাকে বেশি টানতো। টিভির তারকাদের নিয়ে আমি খুব একটা আগ্রহী ছিলাম না। আমি আমার কাজ নিয়েই ব্যাস্ত থাকতাম।
ক্যান্টিনে আমি খেতে যেতাম। এখন বিটিভির ক্যান্টিনের যে হতশ্রী অবস্থা, তখন কিন্তু সেরকম ছিল না। ওইসময়ের বড় বড় শিল্পীরা ওই ক্যান্টিনেই খেতে যেতেন। ফজলে লোহানী সাহেবও ওখানে যেতেন। খেতে খেতেই তার সঙ্গে আলাপ।
তিনি জানলেন আমি লেখালেখি করি; আমার পড়াশোনা, অতীত সম্পকের্ জানলেন তিনি। আমি তাঁর শুটিংয়ে যেতে শুরু করলাম। আস্তে আস্তে তার সঙ্গে জানা-শোনা বাড়লো। বিবিসিতে তাঁর ৩০ বছরের সাংবাদিকতার গল্প আমাকে উদ্দীপ্ত করতো। শ্রদ্ধেয় বড়ভাই এবং বন্ধুর মতো একজন হয়ে উঠলেন তিনি আমার জীবনে।
তাঁর সঙ্গে কাজ করা আরম্ভ করলাম।
গ্লিটজ: সেটা কী ধরনের?
হানিফ সংকেত: সেটাই বলছি … আমি যেহেতু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোক, সেহেতু তাঁর অনুষ্ঠানে সহায়তাটা আমি করতাম। সেইসঙ্গে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকেও তাঁর সঙ্গে কাজ করতাম আমি। তখনও পর্যন্ত, স্টার হব, রাতারাতি বিখ্যাত হয়ে যাব- এই ধরনের কোন চিন্তা আমার মধ্যে ছিল না। কাজকে ভালবাসি, সেই জায়গা থেকেই লোহানী সাহেবের সঙ্গে ছিলাম।
তাঁর সঙ্গে কাজ চলছিল ভালোই, কিন্তু এরমধ্যেই তিনি একদিন মারা গেলেন। বিটিভি থেকে আমাকে জিজ্ঞেস করা হলো, তিনি যে অনুষ্ঠানটি করতেন, সেটি আমি চালিয়ে যাব কিনা। আমি বললাম, না, আমি অনুষ্ঠান করলে সেটা আমার নিজস্ব ঘরানার অনুষ্ঠানই করব।
গ্লিটজ: সেটা একটা নতুন চ্যালেঞ্জও নয় কি?
হানিফ সংকেত: তখন বিটিভিতে অনেক বড় বড় মানুষ অনুষ্ঠান করতেন। আবদুল্লাহ আবু সায়ীদ, সৈয়দ শামসুল হক, শফিক রেহমানের মতো বিখ্যাত মানুষদের অনুষ্ঠান তখন প্রচারিত হতো। সৌভাগ্যক্রমে, সবকিছুর মধ্যেই তখনকার টিভিগাইড জরিপে আমার অনুষ্ঠান ‘ঝলক’ জনপ্রিয়তার শীর্ষে চলে এল।
গ্লিটজ: তাহলে ‘ঝলক’ থেকেই শুরু বলা যায় …
হানিফ সংকেত: এখানে একটা বিরতি আছে। এরপরই আমি বিদেশে চলে গেলাম। নাসাতে যোগ দিলাম। বেশকিছুদিন পর আবার যখন দেশে ফিরলাম, টেলিভিশনেই কাজ করার কথা ঠিক করলাম। ততদিনে চারপাশের নানা সমস্যা নিয়ে ভাবতে শুরু করেছি। আমি সবসময়ই স্যাটায়ার পছন্দ করতাম; এবার ঠিক করলাম নতুন এই আঙ্গিকেই অনুষ্ঠান তৈরী করবো। নতুন অনুষ্ঠান- তাই নামও নতুন হওয়া প্রয়োজন। ১৯৮৯ সালের মার্চে এভাবেই জন্ম হলো ‘ইত্যাদি'র।
গ্লিটজ: ‘ইত্যাদি'র বাইরে কিন্তু মিডিয়াতে আপনার উপস্থিতি বেশ কম। এটা কি সচেতনভাবেই করে থাকেন?
হানিফ সংকেত: আমি আসলে প্রচারবিমুখ মানুষ। আমি যা বলতে চাই, তার সবই ‘ইত্যাদি'র মাধ্যমেই বলা হয়ে যায়। এর বাইরে নতুন করে বলার কিছু আছে বলে আমি মনে করি না। এখন চ্যানেলে চ্যানেলে অনেক টক শো। রাজনীতি, সমাজ নিয়ে অনেকেই সেখানে আলাপ করতে যান। কিন্তু আমি এসব অনুষ্ঠানে যেতে চাইনা। আমি রাজনীতি সচেতন হলেও দারুণভাবে নিরপেক্ষ একজন মানুষ। এইসব একঘেয়ে অনুষ্ঠানে একই বস্তাপচা আলাপ করাটা আমার পছন্দ না।
গ্লিটজ: টক শো নিয়ে আপনার ধারণা খুব একটা উঁচু নয় তাহলে …
হানিফ সংকেত: কিছু টক শো এখন হয়েছে, যেখানে আপনি কী খান, কী পড়েন- এসব নিয়ে ঘন্টার পর ঘন্টা আলাপ হয়। এইধরণের অনুষ্ঠানেও আমার কোন আগ্রহ নেই। আর সস্তা জনপ্রিয়তার পেছনেও আমার ছোটার প্রযোজন আছে বলে আমি মনে করিনা। ‘ইত্যাদি'র মাধ্যমে দর্শকদের ভালবাসা অর্জনই আমার কাম্য।
গ্লিটজ: ‘ইত্যাদি’ নানা শ্রেণী-পেশার দর্শকের মাঝে জনপ্রিয় হয়েছিল। এই জনপ্রিয়তার পেছনে কী রয়েছে?
হানিফ সংকেত: এতবছর ধরে ইত্যাদি চলার সময়টাতে আমি কখনোই দর্শকদের ছাড়া আমার অনুষ্ঠান দেখিনি। দর্শকরা দেখেছে, আমিও তাদের সঙ্গে দেখেছি। কারণ, আমার মধ্যে সবসময়ই ‘দর্শকদের অনুষ্ঠান ভাল লাগছে কিনা’-এই দুশ্চিন্তা কাজ করে। সবসময় একটা ভয় কাজ করে, দর্শকরা আমাকে, এই অনুষ্ঠানকে পছন্দ করেন; তাই উল্টাপাল্টা কিছু করা যাবে না। আর তাই, হঠাৎ কোন ভুল হয়ে গেলে সেই দর্শকরাই যেন মনোকষ্ট না পান- সেটা নিয়ে সবসময় সতর্ক থেকেছি। দর্শকদের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করতে চাইনি। এখন অনেকেই এত ভেবেচিন্তে কাজ করেন না; রাতারাতি জনপ্রিয়তার লোভে সস্তা মানের বিনোদন দিয়ে অনুষ্ঠান করার চেষ্টা করেন। আমি কখনো এরকম কিছু করিনি, দর্শকদের প্রতি দায়বদ্ধতা থেকেই।
দায়বদ্ধতার জায়গা থেকেই স্যাটেলাইট চ্যানেলের যুগে এসেও ইত্যাদি এখনও বিটিভিতে প্রচার করা হয়। কারণ বাংলাদেশে বিটিভিই একমাত্র চ্যানেলে যেটা দেশের যেকোন প্রান্ত থেকে দেখা যায়। আমি চেয়েছি আমার অনুষ্ঠান সবার কাছে পৌঁছাক; আর তাই বড় বড় চ্যানেলে অনেক অর্থের বিনিময়ে স্বত্ব বিক্রির প্রস্তাব পাওয়া সত্ত্বেও কখনো সেটা করিনি। সবার কাছে ইত্যাদির গ্রহণযোগ্যতার কারণ এটাই।
গ্লিটজ: বেসরকারি চ্যানেলগুলোতে ‘ইত্যাদি'র মতো জনপ্রিয় অনুষ্ঠান খুঁজে পাওয়া কঠিন।
হানিফ সংকেত: আমার মতে, এখনকার এইসব নতুন নতুন চ্যানেল আদতে কাজের কাজ তো করছেই না, বরঞ্চ আমাদের অপসংস্কৃতি শেখাচ্ছে। এখনকার নাটক থেকে আমাদের পরকীয়া শেখাচ্ছে, নৈতিকতা জলাঞ্জলি দিতে শেখাচ্ছে।
এখনকার অনুষ্ঠানগুলোতে দেখানো হচ্ছে অশালীন নাচ। এত বেশি চ্যানেল হয়েছে যে, বিজ্ঞাপন দেখানোর জন্য কোনরকমে অনুষ্ঠান বানাতে পারলেই যেন খুশি নির্মাতারা। সেইসব অনুষ্ঠানে যাকে খুশি তাকেই উপস্থাপক বানাচ্ছে, যাকে খুশি তাকেই অনুষ্ঠানে নিয়ে আসছে। নিজেকে তো আগে তৈরি করে নিতে হবে। যোগ্যতা ছাড়াই কোন কিছু করতে গেলে, সেটাকে হেলাফেলার কাজই মনে হবে শেষ পর্যন্ত।
গ্লিটজ: আপনাদের সময় কাজগুলো কঠিন ছিল বলছেন?
হানিফ সংকেত: আমাদের সময়ে কিন্তু এরকম হতো না। আমাদের অনেক কিছু শিখতে হয়েছে। গ্রহণযোগ্যতার একটা জায়গা তৈরী করতে হয়েছে। আমি আগে ছিলাম পারফর্মার। দর্শক আমাকে পছন্দ করেছে, তারপর আমি উপস্থাপক হয়েছি, নির্মাতা হয়েছি। এখন তো সেরকম কিছু হচ্ছে না। আমি এই ধারা একদমই সমর্থন করি না।
আমার সবসময়ই মনে হয়েছে, আমাদের জন্য দর্শক নন, দর্শকদের জনই আমরা। এই দর্শনটাই সবার অনুসরণ করা উচিত।
গ্লিটজ: ‘ইত্যাদি’র প্রসঙ্গে আসি আবার। ‘ইত্যাদি’তে সমাজের দৈনন্দিন সমস্যাগুলো উঠে আসে বিদ্রুপাত্মক ভঙ্গিতে। নাট্যাংশের পর্বগুলোতে চারপাশের নানা অসঙ্গতি তুল ধরেন আপনি। এভাবে কাজ করার পেছনে আপনার চিন্তাটা কী ছিল?
হানিফ সংকেত: আগেই বলেছি, আমি স্যাটায়ার পছন্দ করি। ভাল বিশ্ববিদ্যালয়ে পড়া এবং দেশ বিদেশের নানা জায়গায় কাজ করার সুবাদে অনেক জ্ঞানী-গুণী মানুষের সম্পর্কে জানার অভিজ্ঞতা হয়েছে। তাদের চোখে পৃথিবীকে ভিন্নধরনের দৃষ্টিতে দেখার শিক্ষা হয়েছে।
গ্লিটজ: বিশেষ কারও কাজ আপনার প্রেরণা হিসেবে কাজ করেছিল কি?
হানিফ সংকেত: আমার প্রেরণার অনেক বড় জায়গা জুড়ে আছেন চার্লি চ্যাপলিন। চ্যাপলিন তার আনকোরা অভিনয় দিয়ে সমাজের বড় বড় অসঙ্গতি তুলে ধরতেন। তার সিনেমায় হাস্যরসের মাধ্যমেই মানুষের চোখে আঙুল দিয়ে সমস্যাগুলো দেখাতেন। তাদের কাজের মধ্যে যে আর্ট- সেটা দেখেই কিন্তু আমরা আনন্দ পাই; আবার সামাজিক ক্ষতগুলো পরিস্কারভাবে দেখতে পাই।
চ্যাপলিন পশ্চিমা বিশ্বে ‘স্যার’ উপাধি পেয়েছেন, বাংলাদেশে জন্মালে হয়তো ‘ভাঁড়’-এর তকমা পেতেন।
গ্লিটজ: ইত্যাদিতে সবসময়ই দেশের নানাপ্রান্তের সুবিধাবঞ্চিত মানুষের কথা উঠে এসেছে। পরিবেশ নিয়ে, সমাজ নিয়ে সচেতনতার কথা উঠে এসেছে। বিনোদনমূলক অনুষ্ঠানে এধরনের বিষয় নিয়ে ...
হানিফ সংকেত: এর কারণ হচ্ছে দর্শকদের প্রতি দায়বদ্ধতা। তাছাড়া, মানুষ হিসেবে সমাজ আর দেশের প্রতি দায়িত্ববোধও আছে। আমার মনে হয়, শিল্পীদের সবার মধ্যেই এই দায়বদ্ধটা থাকা উচিৎ। আমি গান গাইছি বলেই, আর কিছু করবো না, আমি নাটক করছি বলেই, কেবল ওই জায়গাতেই সীমাবদ্ধ থাকবো-এমন হওয়া উচিৎ না। সামাজিক দায়বদ্ধতা থেকেই সবস্তরের মানুষদের জন্যই কাজ করি।
গ্লিটজ: বিনোদনের পাশাপাশি সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ‘ইত্যাদি’ নিয়ামকের ভূমিকাও নিতে চেয়েছে কি?
হানিফ সংকেত: দেখুন, ‘ইত্যাদি'তে প্রতিবেদন প্রচার হওয়ার পরই পলান সরকারের কথা সবাই জানতে পেরেছিল। পল্লী বিদ্যুতের এক কর্মী বিদ্যুতের তার ঠিক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলো। দোষ তার নয়, অথচ’ পঙ্গু হয়ে যাওয়ার কারণে তার চাকরি চলে গেল। ‘ইত্যাদি'তে তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর পল্লিবিদ্যুতের টনক নড়লো, তাকে ক্ষতিপূরণ দেওয়া হলো। জানা গেল, ওই সময়ের আগে এরকম আরও আড়াই হাজার কর্মীর চাকরি গেছে একইভাবে। তাদের কারও ভাগ্যেই কোন ক্ষতিপূরণ জোটেনি।
আমাদের গণমাধ্যম রাজনীতিবিদদের খবর নিয়েই ব্যস্ত থাকে। এসব বিষয়ে তাদের কোন আগ্রহ নেই। অথচ’ ইত্যাদিতে এই ঘটনাগুলো তুলে ধরার পর সবার টনক নড়লো।
ইত্যাদি সমাজের নির্দিষ্ট কোন স্তরকে উদ্দেশ্য করে বানানো না। আমি তাই সমাজের সবস্তরের সব শ্রেণি-পেশার মানুষদের নিয়ে কাজ করি। অভাবে পড়ে যে লোকটা তার পেট চালাতে পারছে না, অথচ নিভৃতে ঠিকই গ্রামের বাচ্চাদের বই পড়াচ্ছে; প্রত্যন্ত অঞ্চলে থাকে বলে যে মানুষটা প্রচারের আলো পায় না, অথচ তার সংগ্রহেই আছে বাংলার হারিয়ে যাওয়া সব বাদ্যযন্ত্র- তাদের কথাই তুলে ধরতে চাই আমি।
গ্লিটজ: আপনাকে তো এজন্য নিয়মিত গবেষণা চালু রাখতে হয় …
হানিফ সংকেত: আমার কাছে সবসময়ই একটা ডায়েরি থাকে। দেশ-বিদেশের যে প্রান্তেই যাই না কেন, উল্লেখযোগ্য যা কিছু চোখে পড়ে, সেটাই টুকে রাখি এই ডায়েরিতে। ২৫ বছরে এরকম ডায়েরি অনেক জমেছে আমার কাছে। মানুষের প্রতি দায়িত্ববোধের কারণেই প্রতিদিন জমা হওয়া নতুন নতুন এসব গল্প অবহেলায় ফেলে দিইনা কখনো।
এইসব কারণেই হয়তো ইমেইলের এই যুগেও দেশের নানা প্রান্ত থেকে এখনো ইত্যাদিতে মানুষ চিঠি লেখে। দেশের সাধারণ মানুষের সঙ্গে ইত্যাদির যোগাযোগ একারণেই এখনো এত অটুট।
গ্লিটজ: দুই দশকেরও বেশি সময় ধরে বেশ কয়েকটি প্রজন্ম এখনও উপভোগ করেন ইত্যাদি। আশির দশকের শেষ থেকে এখন ডিজিটাল যুগে পদার্পন করেছে আপনার এই অনুষ্ঠান। এই দীর্ঘ সময় পাড়ি দিয়ে নতুন প্রজন্মের জন্য ইত্যাদিকে তুলে ধরছেন কীভাবে?
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
হানিফ সংকেত: নতুন প্রজন্মের দর্শকদের কথা তো মাথায় কাজ করে সবসময়ই। তারা যাতে ইন্টারনেট আর আকাশ সংস্কৃতির এই যুগে এসেও নিজেদের শেকড় ভুলে না যায়, সেকারণেই গত কয়েকবছর ধরে ইত্যাদির শুটিং করছি দেশের ঐতিহ্যমন্ডিত স্থানগুলোতে। তাদের কথা মাথায় রেখেই এর আগে কখনও যা করিনি, সেটাই করছি ৩০ মে’র পর্বে। ২৫ বছর পূর্তি পালন করছি আমরা। এর আগে ইত্যাদির কোন বর্ষপূর্তি এভাবে পালন করা হয়নি।
গ্লিটজ: এর আগে কখনো হয়নি কেন?
হানিফ সংকেত: আমি আসলে বর্ষপূর্তির উদযাপনের খুব একটা পক্ষপাতি না। এখন এক বছর হলেই সেটা ঢাকঢোল পিটিয়ে পালন করার একটা রেওয়াজ তৈরী হয়েছে। এটাও আমার খুব একটা ভাল লাগে না। আমার মনে হয়, নিজের যোগ্যতাবলে একটা পর্যায়ে পৌঁছালে তবেই সেটা নিয়ে কথা বলা সাজে। ২৫ বছর পূর্তি উপলক্ষেও বিশেষ কিছু করছি না ।
ইত্যাদির প্রতিটি পর্বই নতুন, প্রতিটি পর্বই বিশেষ। আলাদা করে তাই কোনো চমক রাখছি না।
