‘মমতাদি’র বাড়িতে শাহরুখ
২৬ মে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ঘোষণা দিয়েছিলেন শাহরুখ 'ইডেন পরিবার’-এর সঙ্গে নেচেগেয়ে ম্যাচ দেখতে হাজির হচ্ছেন তিনি। হয়েছেও তাই। আর তার উপস্থিতিকে আরও স্মরণীয় করে রাখতেই বুধবার কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছে গেছে কলকাতা নাইট রাইডার্স।
কেবল ইডেন গার্ডেন্সে সশরীরে হাজির থেকেই ক্ষান্ত হননি বলিউডের এই সুপারস্টার। ম্যাচ শেষেই ছুটে গেছেন ‘মমতাদি'র বাড়িতে। দক্ষিণ কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তখন শাহরুখভক্তদের ভিড় জমে গেছে। পশ্চিমবঙ্গ রাজ্যদূতকে বরণ করতে মুখ্যমন্ত্রী নিজেই বেরিয়ে আসেন। আর ‘দিদি'র পা ছুঁয়ে তাকে শ্রদ্ধা জানান শাহরুখ। প্রায় আধা ঘণ্টা থাকার পর ফিরে যান কিং খান।
মুখ্যমন্ত্রীর সঙ্গে শাহরুখের সময়টা ভালোই কেটেছে। কারণ এরপরই শাহরুখ টুইট করেন, “আমার কেকেআর! আজ রাতে তারা কত সুন্দরই না ছিল। মমতাদির সঙ্গে মাছভাজা…কলকাতার রাস্তায় সবার সঙ্গে জয়ের আনন্দ উপভোগ করছি।”
কেবল টুইটই করেননি শাহরুখ, মমতা ব্যানার্জির সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন।
২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল শিরোপা জয় উদযাপনে মহাআয়োজন করে রাজনৈতিক অঙ্গনে তোপের মুখে পড়েছিলেন মমতা ব্যানার্জি।
