২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে শুভ-মিমের ‘তারকাঁটা’

টেলিভিশন নাটকে দুজনই ছিলেন নিয়মিত। এবার সিনেমাতেও নিজেদের আসন পাকা করতে চান এই দুই শিল্পী। কথা হচ্ছে আরেফিন শুভ এবং বিদ্যা সিনহা সাহা মিমকে নিয়ে। দুজনেরই দ্বিতীয় সিনেমা ‘তারকাঁটা’ ৬ জুন মুক্তি পাবে।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 04:27 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

পুরনো খবর:

‘তারকাঁটা’ সিনেমার শুটিং শুরু

তবে এই জুটির এটাই প্রথম সিনেমা। আর পরিচালক মোস্তফা কামাল রাজের তৃতীয় সিনেমা এটি।

সিনেমাতে শুভ অভিনয় করেছেন আন্ডারওয়ার্ল্ড ডন ‘ইব্রাহীমে’র চরিত্রে। তার প্রেমিকা ‘চাঁদে’র চরিত্রে অভিনয় করেছেন মিম। সিনেমাতে শুভর ‘বুবু’র চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী।

রাজ গ্লিটজকে জানান, বাংলাদেশ প্রযোজক-পরিবেশক সমিতিতে সিনেমাটি মুক্তির জন্য ৬ জুন তারিখের ‘আবেদন’ জানালে তারা তা মঞ্জুর করেন। সিনেমাটি ঢাকাসহ সারাদেশের ৯০টি হলে মুক্তি পাবে।

এর আগে পিংপং এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটি ১০ মে কোনো কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পায়।

রাজ বলেন, “এটি আমার স্বপ্নের সিনেমা। সবশ্রেণির দর্শকের কথা মাথায় রেখে সিনেমাটি নির্মাণ করেছি। দর্শকরা সিনেমাটি দেখে একইসঙ্গে আনন্দ পাবেন, হাসবেন, কাঁদবেন।”

রাজ জানান, সিনেমাতে ভিজ্যুয়াল ইফেক্টসের বেশকিছু ‘কাজ’ রয়েছে।

আরফিন রুমির সংগীতায়োজনে সিনেমাতে গান রয়েছে ৭টি। গানগুলো গেয়েছেন বেবী নাজনীন, কণা, পারভেজ, আরফিন রুমী, লিজা, খেয়া, নওমি, পূজা। সিনেমাতে আরও গেয়েছেন ভারতের সুনিধি চৌহান, মমতা শর্মা ও পলক মুচচাল।

‘তারকাঁটা’ মুক্তির পরই মুক্তি পাবে রাজ পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘ছায়াছবি’। এ সিনেমারও প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ। তার বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা।

এই মুহূর্তে পরিচালক শিহাব শাহিনের প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’ এর শুটিং করছেন শুভ। তার বিপরীতে আছেন ‘দারুচিনি দ্বীপ’ খ্যাত জাকিয়া বারী মম। মুক্তির অপেক্ষায় রয়েছে শুভ-আঁচল জুটির ‘কিস্তিমাত’ সিনেমাটি।

অন্যদিকে মিম কাজ করছেন সাফিউদ্দিন সাফির ‘ড্রিমগার্ল’ সিনেমাতে। তার বিপরীতে অভিনয় করবেন শাকিব খান। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে মিম অভিনীত ‘পদ্মপাতার জল’ ও ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’ সিনেমা দুটি।