‘তারকাঁটা’ সিনেমার শুটিং শুরু
মৌসুমী, আরেফিন শুভ, মিম ও ইমন অভিনীত মোস্তফা কামাল রাজের তৃতীয় সিনেমা ‘তারকাঁটা’-এর শুটিং শুরু হয়েছে শনিবার। ঢাকায় তেজগাঁয় একটি গানের দৃশ্যায়নের মাধ্যমে সিনেমার শুটিং শুরু করেন রাজ।
মোস্তফা কামাল রাজ গ্লিটজকে জানান, সিরিয়াস ধাঁচের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে শুভ এবং মিম অভিনীত চরিত্র দুটির নাম ইব্রাহিম ও চাঁদ।
এতে দেখা যাবে, মধ্যবিত্ত পরিবারের সহজ সরল ছেলে ইব্রাহিম ঘটনাক্রমে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সে এ জগতের ডন বনে যায়। সে ভালোবাসে গায়িকা চাঁদকে। তাদের রোমান্স ও নানা অ্যাকশন দৃশ্য রয়েছে সিনেমায়। ইব্রাহিমের বড়বোনের চরিত্রে অভিনয় করছেন মৌসুমী।
আরেফিন শুভ বলেন, “আন্ডারওয়ার্ল্ডের ডনের চরিত্র আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং। একসঙ্গে ডন ও প্রেমিকের চরিত্র ফুটিয়ে তোলা মোটেই সহজ নয়।”
মিম বলেন, “এই সিনেমার চাঁদ চরিত্রটি আমার কাছে বেশ কঠিন মনে হয়েছে।”
কিংকং এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ সিনেমার শুটিং চলবে ৮ মার্চ পর্যন্ত।
মোস্তফা কামাল রাজের প্রথম সিনেমা ‘প্রজাপতি’ মুক্তি পায় ২০১০ সালে। মুক্তির দিন গুণছে তার দ্বিতীয় সিনেমা ‘ছায়াছবি’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ এবং পূর্ণিমা।
