২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের ‘হ্যাপি নিউ ইয়ার’

জমকালো সাজে দিপিকা পাড়ুকোন। তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন ভেলভেটের স্যুট গায়ে ধোপদুরস্ত শাহরুখ খান, বোমান ইরানি, সোনু সুদ আর নাসিরুদ্দিন শাহপুত্র ভিভান শাহ।মাঝখানে ফ্রেঞ্চকাট দাড়ি, সানগ্লাস আর পাগড়িতে পুরোদস্তুর শিখ- অভিষেক বচ্চন।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 05:26 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

ফারাহ খানের পরবর্তী সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এ এমন বেশেই দেখা যাবে হিন্দি সিনেমার এই তারকাদের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেখা গেল এই সিনেমার ফার্স্ট লুক।

“ফারাহ’র ‘ইন্ডিয়াওয়ালে গ্যাং’। সিনেমার শেষপর্যায়ে পৌঁছে গেছি। সবার একসঙ্গে কাজ করাটাকে খুব মিস করছি।” ফারাহ খান পরিচালিত এই সিনেমার একটি ছবি প্রকাশ করার সময় এভাবেই টুইট করেন শাহরুখ। শনিবার দুপুরে টুইটটি করার সঙ্গে সঙ্গেই সাড়া পড়ে যায় তার ভক্তদের মধ্যে। ছবিসহ শাহরুখের ওই পোস্ট রিটুইট হয় এক হাজারেরও বেশিবার।

এর কিছুক্ষণ আগেই শাহরুখ টুইট করেছিলেন, “দারুণ তৃপ্তির এক কাজের দিন গেল। হ্যাপি নিউ ইয়ারের পুরো দলকেই ধন্যবাদ, দিনটিকে বিশেষ করে তোলার জন্য। কঠিন কিন্তু আনন্দজনক কাজ- অনন্য সমন্বয়।”

চলতি বছরের দীপাবলিতে মুক্তির জন্য নির্ধারিত এই সিনেমাটি নিয়ে অনেকদিন ধরেই চলছিল জল্পনা কল্পনা। ২০১০ সালের সিনেমা ‘তিস মার খান’-এর পর থেকেই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছিলেন ফারাহ। কেন্দ্রীয় চরিত্রে শাহরুখকে চূড়ান্ত করলেও তার বিপরীতে অভিনয় করবেন কোন অভিনেত্রী-- সেটি নির্ধারণ করতেই পেরিয়ে যায় অনেকটা সময়। শুরুতে, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফের কথা চিন্তা করেছিলেন তিনি। পরবর্তীতে আসিন, সোনাকশি সিনহার কথাও বিবেচনা করেন। এমনকী হাল আমলের অভিনেত্রী পরিনিতি চোপড়ার কথাও ভেবেছিলেন ফারাহ।

তবে সব সমীকরণ পাল্টে যায় ২০১৩ সালে। নিজের প্রথম সিনেমা ‘ওম শান্তি ওম’-এর জুটি শাহরুখ-দিপিকার ‘চেন্নাই এক্সপ্রেস’ তখন ব্লকবাস্টার হিট। একই বছরে দিপিকার আরও তিনটি সিনেমা ব্যবসাসফল হয় দারুণভাবেই। সবদিক চিন্তা করে অবশেষে দিপিকাকেই চরিত্রটির জন্য চূড়ান্ত করেন ফারাহ। ওই বছরের সেপ্টেম্বর থেকে শুরু হয় সিনেমার শুটিং।

অ্যাকশন কমেডি-ড্রামা ‘হ্যাপি নিউ ইয়ার’-এ খলনায়ক হিসেবে থাকছেন জ্যাকি শ্রফ। অতিথি চরিত্রে দেখা যাবে ‘মুন্নি বদনাম হুয়ি’খ্যাত মালাইকা অরোরাকেও। সিনেমার সংগীত পরিচালনা করেছেন ভিশাল-শেখর। হিন্দির পাশাপাশি তেলেগু এবং তামিল ভাষাতেও মুক্তি পাবে সিনেমাটি।