২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিন লাভলুর আক্ষেপ

২০১৩ সালে শেষ হল ‘ভবের হাট’। এরপর ধারাবাহিক নির্মাণে আর হাত দেননি সালাউদ্দিন লাভলু। তবে ‘রঙের মানুষ’-এর আদলেই আরও একটি ধারাবাহিক নির্মাণের কাজ ঈদের পরেই শুরু করছেন তিনি। গ্লিটজের সঙ্গে আলাপকালে এই নাট্যব্যক্তিত্ব আক্ষেপ করে বললেন, “এখন অভিনয়ের চাইতে টাকার প্রতি বেশি মনোযোগী শিল্পীরা।”

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 04:52 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

“এখন সবাই দিন বিক্রি করছে। কার সঙ্গে কাজ করছে, কী কাজ, সেটা বড় কথা নয়। দিনে কত টাকায় বিক্রি হওয়া যায় এখন সেটাই সবার কাছে বড়।”

এতে ভালো নাটক হয় না বলেও মন্তব্য করেন তিনি।

‘রঙের মানুষ’ নাটকের শুটিংয়ের স্মৃতিচারণ করে বললেন, সে সময় তিন দিনের শিডিউলে শিল্পীরা দশদিন ইউনিটের সঙ্গেই থেকে যেত। আবার তার কারণ ব্যাখ্যা করলেন নিজেই, “সে সময়ে চ্যানেল কম ছিল, কাজ কম ছিল।”

কিন্তু সেই শিল্পীদের এখন “চল্লিশ দিনে মাস” হয় বলে মন্তব্য করলেন এই পরিচালক।

‘রঙের মানুষ’ নাটকের চরিত্রগুলোর খোঁজ জানাতে এবারের ঈদের জন্য নির্মাণ করেছেন ‘রঙের মানুষেরা কেমন আছেন’।

আরও নির্মাণ করেছেন ‘লায়েকচান দ্য গ্রেট’সহ আরও দুটি নাটক।

তবে শিল্পীদের শিডিউল পেতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে বলে জানালেন, “তাদের কাছ থেকে সিডিউল পাওয়া যায় না। ঈদের কাজে সিডিউল পেতে চারমাস আগে যোগাযোগ করতে হয়।”

ঈদের পরে তিনি শুরু করবেন নতুন ধারাবাহিকের কাজ। চিত্রনাট্য তৈরি। এখন চলছে ঘষামাজা। এবারও গ্রামীণ প্রেক্ষাপটে হাসির নাটক নির্মাণ করবেন।

তার মতে, দর্শকরা বাংলাদেশি চ্যানেল দেখে না। দর্শকদের ফেরাতেই ২০০৪ সালে ‘রঙের মানুষ’ নির্মাণ করেন তিনি।

“নাটকটি দিয়ে দেশীয় চ্যানেলে ফেরার মতো একটা অবস্থা তৈরি করেছিলাম। আবারও যেন তারা ফিরে আসে সেই রকম একটা কাজ করতে চাই।”