২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুখোমুখি সালমান খান ও জন অ্যাব্রাহাম

'ভাগ মিলখা ভাগ’ এর বক্স অফিস সাফল্যের পর ক্রীড়াবিদদের নিয়ে সিনেমা বানাতে বেশ উঠে পড়ে লেগেছেন হিন্দি সিনেমার কর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসিফা ফারিন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 11:12 AM

Updated : 01 Sep 2026, 12:50 PM

চলছে অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সিং তারকা মেরি কমের জীবনীনির্ভর সিনেমা 'মেরি কম’ এর কাজ যেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার শোনা যাচ্ছে ভারতের সর্বকালের সেরা পালোয়ান হিসেবে অভিহিত গামা পালোয়ানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের কথা।

তবে কথা এখানেই শেষ নয়। গামা পালোয়ানের জীবনের ওপর একটি নয়, নির্মিত হতে যাচ্ছে দুটি সিনেমা। একটি প্রযোজনা করছেন সালমান খান এবং অন্যটি জন অ্যব্রাহাম। যদিও দুপক্ষেরই দাবি একে অন্যের পরিকল্পনা সম্পর্কে তারা কিছুই জানতেন না।

সালমানের প্রযোজনায় নির্মিতব্য চলচ্চিত্রটির পরিচালনা করছেন পুনিত ইসার যার পরিচালনায়  ২০০৪  এ মুক্তি পায় সালমানের সিনেমা 'গার্ভ’। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ইসারের বরাত দিয়ে বলছে, সালমান চাইছেন ছোট ভাই সোহেল খান যেন গামার চরিত্রটি করেন এবং সে অনুসারেই সোহেল গত এক বছর ধরে নিজেকে তৈরি করছেন।

অন্যদিকে জন এর প্রযোজনায় তৈরি হতে যাওয়া ছবিটিতে জন নিজেই গামা পালোয়ানের ভূমিকায় অভিনয় করবেন এবং এটি পরিচালনা করবেন 'বাদমাশ কাম্পানি’ খ্যাত পরিচালক পারমিত শেঠি। সালমান খান একই বিষয়ে সিনেমা বানাচ্ছেন শুনে বিস্মিত শেঠির মন্তব্য, ‘দুই প্রযোজক কিভাবে একই শিরোনামে নিবন্ধন করতে পারে’। দুই পক্ষই বলছে বেশ কয়েক বছর ধরে চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তারা।

বলিউডে অবশ্য এ ধরনের দাবী নতুন কিছু নয়। মুক্তির কাতারে থাকা অক্ষয় কুমারের ‘হলিডে’ নিয়েও কিছুদিন আগে ভাট ক্যম্পের পুজা ভাটের সঙ্গে লড়াইয়ে জড়াতে হয় প্রযোজক ভিপুল শাহকে। পরে অবশ্য পুজা তার দাবী ছেড়ে দেন।