অভিনয় আর নয়
রূপালি পর্দায় চার বছরের অনুপস্থিতি। এ সময়টায় পরিচালকের চেয়ারে বসেছেন। পাশাপাশি জাতিসংঘের হয়ে মানবাধিকার রক্ষায় কাজ করেছেন। ‘ম্যালেফিসেন্ট’ সিনেমার মাধ্যমে এ বছর আবার পর্দায় ফিরছেন অ্যাঞ্জেলিনা জোলি। কিন্তু এই সিনেমায় হতে পারে আরও এক দীর্ঘ বিরতির সূচনা।
ছবিটি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোলি বলেন, “অভিনেতা হিসেবে আমি জীবনের দুর্দান্ত একটা সময় পার করেছি। আর এখন কাহিনি বলার সুযোগ পেয়ে আমি আরও বেশি খুশি। আমি আরও দীর্ঘদিন কাজ করে যেতে চাই। আর এ জন্য আমাকে কাজ করতে হবে খুব বেছে বেছে।
"আমি লেখা এবং পরিচালনায় আরও বেশি মনোনিবেশ করতে চাই। আর তার চাইতেও আমি বেশি চাই, জাতিসংঘের যৌন নির্যাতন প্রতিরোধমূলক যে উদ্যোগ আছে তার হয়ে কাজ চালিয়ে যেতে।”
ডিজনির ‘ম্যালেফিসেন্ট’ মুক্তি পাচ্ছে ২৮ মে। ফরাসি লেখক শার্ল পেরোর সংকলিত রূপকথা ‘দ্য স্লিপিং বিউটি’র উপর ভিত্তি করে ১৯৫৯ সালে ডিজনি তৈরি করে অ্যানিমেশন সিনেমা ‘দ্য স্লিপিং বিউটি’। সেখানে প্রথম আবির্ভূত হয় 'ম্যালেফিসেন্ট’ চরিত্রটি যাকে দেখানো হয় অশুভ শক্তির আধার হিসেবে।
ছয় সন্তানের মা জোলি বলেন, “এ রকম দুষ্ট একটা চরিত্রে কাজ করে এত মজা পেয়েছি যে শেষ পর্যন্ত চরিত্রটি আমার ভালো লাগতে শুরু করে।”
“চিত্রনাট্যটি হাতে পেয়ে শৈশবে ফিরে গিয়েছিলাম। আমার মনে আমরা সবার সত্ত্বার একটা অংশ সম্পূর্ণ স্বাধীনতা চায়, নিজের কণ্ঠ সর্বোচ্চ স্বরে শোনাতে চায়, প্রাণখুলে হাসতে চায়। আর ম্যালেফিসেন্ট চরিত্রটা ছিল ঠিক এমনই।”
জোলির মতে, চলচ্চিত্রটির মূল আবেদনের জায়গা হল চিরাচরিত এই রূপকথাকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করা। কেবল শুভ-অশুভের মধ্যে জীবনকে বেঁধে না ফেলে এর বাইরের সত্যিরও প্রতিফলন ঘটায় এই সিনেমা।
তিনি বলেন, “আমি প্রায় প্রতিরাতেই আমার বাচ্চাদের গল্প শোনাই। প্রচলিত রূপকথাগুলোতে একটা মধুর সমাপ্তি দেখতে পাওয়া যায়। দেখানো হয়, কোনোকিছু শুধুই ভালো অথবা মন্দ। এটা আমি একেবারেই মানতে পারি না।”
“আমি মনে করি বাচ্চাদের জন্য সেটাই একটা ভালো গল্প যেখানে একটা ভালো নীতিকথা থাকে। এই নীতির শিক্ষাটাই আমি আমার বাচ্চাদের দিতে চেষ্টা করি। এমনকি এই চলচ্চিত্রেও সেটাই বলার চেষ্টা করা হয়েছে।”
জোলি আরও জানান যে, বাচ্চারা কোন চলচ্চিত্র দেখবে তা তিনি এবং ব্র্যাড পিট মিলে নিজেরাই বাছাই করেন।
তিনি বলেন, “বয়সে বড়রা সম্প্রতি মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ দেখেছে এবং তাদের কাছে এটা খুবই মজার মনে হয়েছে। কারণ গুপ্তচররূপী মা-বাবার মধ্যকার খুনসুটি বাচ্চাদের কাছে একটা উদ্ভট স্বপ্নময় বিষয়। আমার ছোট ছেলে নক্স ‘টুম্ব রেইডার’ দেখে, আর ভাবে, আমার মা এগুলো সব করতে পারে।”
ম্যালেফিসেন্ট এমন একটা চরিত্র যেটা হয়ত সারাবিশ্বের নারীরূপে সাজতে পছন্দ করা পুরুষেরা অতিমাত্রায় আপন করে নেবে। এ ব্যাপারে জোলির মন্তব্য জানতে চাওয়া হলে তিনি হেসে ফেলেন।
তিনি বলেন, “এমনটা হলে আমি খুবই খুশি হব। আমি নিজেই চরিত্রটির কিছু পরিধেয় বাসায় নিয়ে এসেছি।”
ম্যালেফিসেন্ট চলচ্চিত্রে জোলির পাশাপাশি কিশোরী রাজকুমারীর ভূমিকায় অভিনয় করেছেন এল ফ্যানিং। এ চলচ্চিত্রে তার নিজের সন্তান ভিভিয়েনেরও অভিষেক ঘটেছে।
জোলির ভাষায়, “ব্যাপারটা ঘটেছে শুধুই প্রয়োজনের খাতিরে। কেননা আমার বাকি সন্তানেরা ম্যালেফিসেন্ট-এর নাটকীয় পোশাক দেখে খুবই ভীত।”
তাঁর সেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে, চার দিনব্যাপী একটি সেমিনারে যোগ দিতে আগামী মাসে জোলি লন্ডন যাচ্ছেন। যুদ্ধকালীন ব্যাপক যৌন নিপীড়নের তদন্ত পদ্ধতিকে কীভাবে উন্নত করা যায় এবং একটি আদর্শ রূপ দেওয়া যায়, তা নিয়ে এই সেমিনারে আলোচনা করা হবে। ১৪১টি দেশের সরকার এই সেমিনারটিতে অংশগ্রহণ করবে।
অভিনয় ছাড়াও জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কাজ করছেন ৩৮ বছর বয়সী জোলি। পাশাপাশি যৌন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হিসেবেও তিনি তাঁর অবস্থান প্রকাশ করে চলেছেন।
বেশ কিছুদিন ধরে ক্যামেরার পেছনেও কাজ করছেন জোলি।
২০১১ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’। যুদ্ধের ঘটনা নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটির কাহিনিকারও তিনি। এ বছরের শেষের দিকে তাঁর পরিচালনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত ‘আনব্রোকেন’ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
