২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডুডলে হেপবার্ন

৪ মে ছিল অভিনেত্রী অড্রে হেপবার্নের ৮৫তম জন্মদিন। হলিউডের 'ফেয়ার লেডি’র জন্মদিনটা নিজ কায়দাতেই উদযাপন করেছে গুগল। তৈরি করেছে একটি বিশেষ ডুডল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 03:24 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

ডুডলটিতে চোখে পড়ে অস্কারজয়ী এই ব্রিটিশ তারকার একটি সাদাকালো প্রতিকৃতি। পেছনে গোলাপি পটভূমিতে হেপবার্ন খেলছেন শিশুদের সঙ্গে, যাদের জন্য কাজ করে গেছেন জীবনের শেষ পর্যন্ত। 

ডুডলটির নির্মাতা জেনিফার হম সার্চ ইঞ্জিন ওয়াচকে জানান, “অড্রের মতো কালজয়ী ব্যক্তির জন্য সঠিক সমাধানটা খুঁজে বের করা ছিল বেশ কঠিন। তিনি কেবল একজন ধ্রুপদী সৌন্দর্যের অধিকারী অভিনেত্রীই নন, মানবসেবায় জীবন উত্সর্গকারীও বটে। আমি তাঁর জীবনের দুটি দিকই তুলে ধরতে চেয়েছি।”  

ডুডলে হেপবার্নের প্রতিকৃতিটি মার্কিন চিত্রগ্রাহক ইউসুফ কার্শের ১৯৫৬ সালে তোলা অড্রে হেপবার্নের পোট্রেইট অনুপ্রাণিত। হেপবার্নের সিনেমার পোস্টার আর দাতব্য কর্মকাণ্ডের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এর পটভূমি। 

'রোমান হলিডে’, 'ব্রেকফাস্ট এট টিফানিস’, 'মাই ফেয়ার লেডি’র মতো সিনেমায় অভিনয় করা হলিউডের স্বর্ণযুগের এই নায়িকা মাত্র ১২ জন ব্যক্তির মধ্যে একজন-- যিনি এমি, গ্র্যামি, অস্কার এবং টনি-- এই চারটি অ্যাওয়ার্ডই জিতেছেন। ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে জীবনের শেষ ভাগ কাটিয়েছেন তিনি। ১৯৮৯ সালের অক্টোবরে এসেছিলেন বাংলাদেশেও।

১৯৯৩ সালের ২০ জানুয়ারি মারা যান ক্যান্সার আক্রান্ত হেপবার্ন।