ঢাকায় গ্রাঞ্জ ফেস্ট
রাজধানী ঢাকায় হয়ে গেল দেশের প্রথম গ্রাঞ্জ রক উৎসব। কনসার্টে পারফর্ম করেছে হ্যাশ, সার্কল, ওউন্ড, কার্নিভাল, আর্বোভাইরাস আর ইন্ডালো এই ছয়টি ব্যান্ড।
ভেন্যুটা ছিল ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টার(আরসিসি)। আরসিসিকে অনেকেই বলে থাকেন ঢাকার রক বা মেটাল মিউজিকের ‘দ্য হলি গ্রেইল’। দেশের শীর্ষ রক আর মেটাল ব্যান্ডগুলোর মধ্যে অনেকগুলোরই শুরুটা আরসিসি থেকে। ২ মের গ্রাঞ্জ ফেস্ট দিয়ে বাংলাদেশের রক মিউজিক ইতিহাসের আরেকটি অধ্যায়ের স্বাক্ষী হল আরসিসি।
ব্যান্ডগুলোর সঙ্গে সমান তালে তাল মিলিয়েছেন দর্শকরাও। ঢাকার রক মিউজিকের জগতে গ্রাঞ্জ রক যে ভিত গড়তে চলেছে তারই যেন আভাস দিলেন দর্শক আর ব্যান্ডগুলো মিলে।
শুরুতেই গ্রাঞ্জ রকের ইতিহাসটা একটু জেনে আসা যাক।
‘পার্ল জ্যাম’, ‘নিরভানা’, ‘সাউন্ডগার্ডেন’, ‘অ্যালিস ইন চেইনস’ আর ‘স্টোন টেম্পল পাইলটে’র মতো ব্যান্ডগুলোই ছিল গ্রাঞ্জ প্রজন্মের অগ্রদূত। নব্বইয়ের দশকে বানিজ্যিক সাফল্যের চূড়ায় পৌঁছেছিল গ্রাঞ্জ ব্যান্ডগুলো। তারপর মূলধারার ভক্তদের কাছে জনপ্রিয়তায় ভাটা পড়েছে, কিন্তু গ্রাঞ্জের কথা ভোলেননি সত্যিকার অর্থেই সংগীতের কদর বোঝেন এমন অনেকে। রক মিউজিকপ্রেমীদের মনে একটা স্থায়ী জায়গা করে নিয়েছে গ্রাঞ্জ রক।
শুরুতেই মঞ্চে হ্যাশ। সাউন্ড চেক করে গান শুরু করতে কিছু সময় নিলেন ব্যান্ডের সদস্যরা। ততক্ষণে ঘড়ির কাটা পার হয়ে গেছে ২-এর ঘর। ভেন্যুর সিংহভাগ আসনেই বসে আছেন দর্শক। প্রতিটা গানেই পড়েছে দর্শকদের হাত তালি। নিজেদের গানের পাশাপাশি বেশ কিছু কাভার সং-ও করেছে ব্যান্ডটি। আর তাদের পারফর্মেন্সের উল্লেখ্যযোগ্য দিকটা ছিল আর্ট রক-প্রোগ্রেসিভ ঘরানার ব্যান্ড ‘টুলে’র গান কাভার করেছে হ্যাশ।
কম্পোজিশন, অড টাইম সিগনেচার, বারবার কর্ড প্রোগ্রেশানে পরিবর্তন সব মিলিয়ে ‘টুলে’র গানগুলো মঞ্চে বাজানোর সাহস করেন না অনেকেই। সেখানে হ্যাশের পরিবেশনাটা ছিল সাধুবাদ দেওয়ার মতোই। আর গানের মাঝে ব্যান্ডটির ভোকাল সিফাত মাহমুদের পারফর্মেন্স দর্শকদের দিয়েছে আলাদা বিনোদন।
আর সার্কেল মঞ্চে উঠার পরই আরসিসি যেন ফিরে এসেছিল নিজের আসল রূপে। দর্শকরা মঞ্চের একদম সামনে দাঁড়িয়ে ব্যান্ডগুলোর সঙ্গে গলা না মেলালে আন্ডারগ্রাউন্ড কনসার্টের আসল উণ্মাদনাটা ঠিক সেভাবে যেন অনুভব করা যায় না। সার্কেল মঞ্চে উঠার পরই গ্রাঞ্জ ফেস্ট যেন পরিণত হল পুরোদস্তুর আন্ডারগ্রাউন্ড কনসার্টে।
কথা হল সার্কেলের বেইজিস্ট সঞ্জয় বিশ্বাসের সঙ্গে। সফল একটা কনসার্ট আয়োজন করতে পেরে তিনি যে বেশ খুশি তা ভালোই বোঝা যাচ্ছিল তার কথায়। পুরো কৃতিত্বটা দিলেন পারফর্ম করা সবগুলো ব্যান্ড আর আয়োজকদের টিমওয়ার্ককে।
সার্কেলের পর পারফর্মেন্সের পালা ছিল ওউন্ড-এর। ঢাকার আন্ডারগ্রাউন্ডে ওউন্ডের শক্ত অবস্থান বেশ অনেক দিন ধরেই। গ্রাঞ্জ ফেস্টেও দর্শকদের কাছ থেকে সাড়া পেয়েছে ব্যান্ডটি। সার্কেলের মতোই ওউন্ডের পারফর্মেন্সের সময় মঞ্চের সামনে ভিড় করে ছিলেন দর্শকরা।
গ্রাঞ্জ ফেস্টে পারফর্মেন্সের অভিজ্ঞতা ‘জোশ’ ছিল বলেই মন্তব্য করলেন ব্যান্ডটির ড্রামার সামি। দর্শকদের সংখ্যা আর সাড়া দুটোই যে কিছুটা হলেও অপ্রত্যাশিত ছিল সেটাও বললেন তিনি। মোট ৬টি গান পারফর্ম করেছে ব্যান্ডটি। এর মধ্যে ছিল ‘নিরভানা’ আর ‘ফু ফাইটারে’র গানও। আর বাকি ৪টি গানের মধ্যে ছিল ‘বিয়োগ’ আর ‘ভাবান্তর’ সহ তিনটি আনরিলিজড ট্র্যাক।
তবে সাউন্ড সিস্টেম নিয়ে থেকে থেকে বিপাকে পড়তে হয়েছে ব্যান্ডটিকে। মিলছিল না দুই গিটারের লেভেল। স্পিকার থেকে আসছিল ফিডব্যাক। কনসার্টের প্রায় শুরু থেকেই স্পিকারের ফিডব্যাক নিয়ে সবগুলো ব্যান্ডকেই কমবেশি ঝামেলা পোহাতে হয়েছে। তবে সাউন্ড সিস্টেম বিড়ম্বনার সবচেয়ে বড় শিকারটা হয়তো কার্নিভালই।
তারপর পালা আর্বোভাইরাসের। আর্বোভাইরাসের কথা বলার আগে একটা ব্যাপার পাঠকদের জানিয়ে রাখা ভালো। ‘দুশ্চিন্তা’ করার কোনো কারণ নেই, রকনেইশন ওভারলোডের মতো এবার আর স্টেজে গিটার ভাঙ্গেননি গিটারিস্ট রঞ্জন আর সুহার্তো।
আর্বোভাইরাসের উপস্থিতি কার্নিভালের পারফর্মেন্সের সময়ই জানান দিয়ে দিয়েছিলেন ব্যান্ডের ড্রামার নাফিস। দর্শকদের সঙ্গে স্টেজ ডাইভ দিয়েছিলেন তিনিও। তবে আর্বোভাইরাস মঞ্চে উঠার পর দর্শকদের অনেকেরই প্রশ্ন ‘পঞ্চপাণ্ডবের আরেক পাণ্ডব গেল কই?’। গিটারিস্ট সুহার্তো যে মঞ্চে নেই! দর্শকদের প্রশ্নের উত্তর মিলতে সময় লাগল কিছুক্ষণ। আর্বোভাইরাসের চতুর্থ গানটির সময় মঞ্চে হাজির সুহার্তো।
আর আরসিসি ততক্ষণে কাঁপছে আর্বোভাইরাস উন্মাদনায়। ভোকাল সুফি পেশাদারিত্বের প্রমাণ দিলেন পারফর্মেন্স দিয়েই। ভেন্যুর একদম পেছনেও সুফির গলার প্রতিটি নোট শোনা যাচ্ছিল। ‘নিরভানা’র ‘রেপ মি’ আর ‘স্মেলস লাইক টিন স্পিরিট’ গানগুলো পরিবেশন করে আরসিসি মাতিয়েছে আর্বোভাইরাস।
নিজেদের গানও বাজিয়েছে আর্বোভাইরাস। মাঝে নিজের ‘ইনফেক্টেড’ টি-শার্ট খুলে ভক্তদের মধ্যে ছুড়ে দেওয়ার প্রথাও বজায় রেখেছেন নাফিস। আর আর্বোভাইরাসের কনসার্ট মানেই যেন ‘অমানুষ, অমানুষ’ স্লোগান। অমানুষ গানটির চাহিদা ভাইরাস ভক্তদের মধ্যে কখনই কমেনি। এবারও আর্বোভাইরাস কনসার্ট শেষ করেছে অমানুষ গানটি দিয়ে, আরসিসি কাঁপিয়ে।
কনসার্টের শেষ ব্যান্ডটি ছিলে ইন্ডালো। শুরতে সাউন্ড সিস্টেম নিয়ে কিছুটা ঝামেলা হলেও খুব সহজেই সেই সমস্যার সমাধান করে ফেলেছেন ব্যান্ডটির সদস্যরা। নিজেদের গানের পাশাপাশি পারফর্ম করেছেন ‘পার্ল জ্যাম’র গানও।
“ইট ওয়াজ গ্রেট” কনসার্টের আয়োজন, পারফর্মেন্স, দর্শকদের প্রতিক্রিয়া সবকিছু নিয়ে এমনটাই বললেন ব্যান্ডটির ভোকাল জন।
“আমাদের এখানে অনেক কিছুই নেই, গানের অনেকগুলো ধারার কোনো উপস্থিতি নেই এখানে। সেখানে গ্রাঞ্জ ফেস্ট দিয়ে নতুন কিছুর শুরু হল। হয়তো ছোট পরিসরেই, তারপরও ভালো আর নতুন কিছুর শুরুটাতো এভাবেই হয়।”
শুধু নিজের ভালো লাগার কথাই নয়, বাংলাদেশের রক মিউজিকের জগতে নতুন কিছু শুরু নিয়ে নিজের আত্মতৃপ্তির কথাও এভাবেই বলেছেন তিনি।
বাংলাদেশে শুধু গ্রাঞ্জ রক নিয়ে আয়োজিত প্রথম কনসার্ট ছিল গ্রাঞ্জ ফেস্ট’১৪। শুধু প্রথম কনসার্ট নয়, বাংলাদেশে প্রচলিত রক মিউজিকের জগতে গ্রাঞ্জ রকের উত্থানের শুরুটাই হয়তো হলো এই কনসার্ট থেকেই। গ্রাঞ্জ রকের প্রতি ভালোবাসা আর সমর্থনের যে প্রমাণ দর্শকরা দিয়েছেন তা থেকে এটুকু পরিস্কার যে এই অগ্রযাত্রা ধরে রাখতে পারলে শুরুর প্রতিবন্ধকতা পার করতে পারলে বাংলাদেশের রক মিউজিক জগতে শক্ত অবস্থান গড়তে চলেছে গ্রাঞ্জ রক।
