২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘একদমই ডিজিটালাইজড হয়নি এফডিসি’: সোহানুর রহমান সোহান

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের আরও অবনতি হয়েছে মন্তব্য করে এর জন্য বিএফডিসির সদ্যবিদায়ী মহাপরিচালক পীযূষ বন্দোপাধ্যায়কেই দায়ী করলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’-খ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 05:45 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

নির্মাতা সোহানের ফিল্ম ইনস্টিটিউট

সোহান গ্লিটজকে বলেন, “মুখে মুখে ডিজিটালাইজড করার কথা বললেও আদতে তার কিছুই হয়নি। উন্নত প্রযুক্তির ক্যামেরা আসার কথা থাকলেও এফডিসিতে কোনো ক্যামেরাই আসে নাই। চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতিও নিয়েও তার তেমন মাথাব্যথা ছিল না।” 

সোহানের এই অভিযোগ প্রসঙ্গে পীযূষ বন্দোপাধ্যায়ের সঙ্গে কথা বললে তিনি বলেন, “পুরো ব্যাপারটি সম্পর্কে না জেনেই মন্তব্য করেছেন সোহান।”

গ্লিটজকে তিনি বলেন, “ডিজিটাল চলচ্চিত্র নিয়ে বিএফডিসির সমস্যা দীর্ঘদিনের। আমি দায়িত্ব নেওয়ার পর ডিজিটাল ফিল্ম মেকিং প্রসেস নিয়ে বেশ কিছু পরিকল্পনা হাতে নেই। তবে ডিজিটাল সিনেমার উন্নয়নে শুধু সরকার নয়, চাই বেসরকারি সহযোগিতাও। আমি পুরো প্রক্রিয়া নিয়ে প্রস্তুতিও নিয়েছিলাম।”

মহাপরিচালক হিসেবে দায়িত্বপালনকালে ডিজিটাল চলচ্চিত্র নিয়ে তার নেওয়া ‘পদক্ষেপ’গুলো বাস্তবায়িত হলে বিএফডিসিতে ‘পরিবর্তন’ আসবে বলেও মন্তব্য করেন তিনি।   

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান জানান, ডিজিটাল প্রযুক্তি নিয়ে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে সমিতি। ঢাকার বাইরে হলগুলোর ব্যবস্থাপকদের ডিজিটাল চলচ্চিত্র নিয়ে প্রশিক্ষণ দেওয়া, শিল্পী ও পরিচালকদের সুযোগ সুবিধা আদায়ে সোচ্চার হচ্ছেন তারা।

সোহান আশা করেন, আগামী এক বছরের মধ্যে চলচ্চিত্র ব্যবস্থা ‘আমূল’ বদলে যাবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে উন্নত প্রযুক্তিসম্পন্ন সিনেমা হল নির্মিত হবে। কর্মীরাও প্রশিক্ষিত হয়ে উঠবে।

তখনই একসঙ্গে তিনটি সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন সোহান। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন সালমান শাহ ও মৌসুমী।

১৯৯৯ সালে সোহানের ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নায়ক হিসেবে যাত্রা শুরু করেন শাকিব খান। সোহান নির্মিত সর্বশেষ সিনেমা ‘লোভে পাপ পাপে মৃত্যু’ মুক্তি পায় ২০১৩ সালে। এটি রিয়াজ-পূর্ণিমা জুটির মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা।