২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাতা সোহানের ফিল্ম ইনস্টিটিউট

চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহানের ফিল্ম ইনস্টিটিউট ‘ইউনিভার্সাল পারফর্মিং আর্ট’ প্রাতিষ্ঠানিকভাবে সম্প্রতি যাত্রা শুরু করেছে।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 08:19 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

এ প্রসঙ্গে সোহান গ্লিটজকে বলেন, “এ মুহূর্তে ঢালিউডে নতুন মুখের অভাব নেই। কিন্তু দু-তিনটি সিনেমায় অভিনয়ের পর তারা কোথায় যেন হারিয়ে যায়! সিনেমার কারিগরি টিমেও তরুণদের সংখ্যা বাড়ছে। কিন্তু অভিজ্ঞতার অভাবে তারা ভালো করতে পারছে না। এই তরুণদের জন্য একটি ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা বহুদিনের। সবকিছু গুছিয়ে উঠতে একটু সময় লেগে গেল। ১৯ সেপ্টেম্বর প্রয়াত নায়ক সালমান শাহ্র জন্মদিনকে এই ইনস্টিটিউটের যাত্রা শুরুর দিবস হিসেবে ধরা হয়েছে।”

সোহান আরও বলেন, “ইউনিভার্সাল পারফর্মিং আর্ট ইনস্টিটিউটে অভিনয়, চলচ্চিত্র পরিচালনা, চিত্রনাট্য, নৃত্য, ক্যামেরা, সম্পাদনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। এখানে প্রশিক্ষণ দিচ্ছেন বরেণ্য নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীরা।”

তিনি জানান, এ ইনস্টিটিউটের কোর্সে ভর্তি হতে হলে ন্যূনতম এসএসসি পাস হতে হবে।

এ ইনস্টিটিউটে অভিনয়ে প্রশিক্ষণ দিচ্ছেন রাজ্জাক, মৌসুমী, আহমেদ শরীফ, মিশা সওদাগর। পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন চাষী নজরুল ইসলাম, আমজাদ হোসেন, বদিউল আলম খোকন, শহীদুল ইসলাম খোকন, মমতাজুর রহমান আকবর, মতিন রহমান, এস এ হক অলিক, কাজী হায়াৎ। চিত্রনাট্যে প্রশিক্ষণ দিচ্ছেন ছটকু আহমেদ, আব্দুল্লাহ জহির বাবু। সম্পাদনায় প্রশিক্ষণ দিচ্ছেন জিন্নাত হোসেন, আবু মুসা, মুজিবর রহমান দুলু। নৃত্যে রয়েছেন মাসুম বাবুল, আজিজ রেজা।