বিচারক শোয়েব আখতার
মাঠের খেলার লাইভ ব্রডকাস্টে টিভিপর্দায় অসংখ্যবার দেখা গেছে তার মুখ। তবে এবার আর ক্রিকেট নয়, পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতারকে দেখা যাবে ভারতীয় এক রিয়ালিটি শোতে বিচারকের দায়িত্বে।
‘এন্টারটেইনমেন্ট কে লিয়ে কুছ ভি কারেগা’ নামের ওই অনুষ্ঠানের নিয়মিত বিচারক হিন্দি সিনেমার পরিচালক ফারাহ খান, সংগীত পরিচালক আনু মালিক এবং অভিনেত্রী মোনা সিং। সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত হওয়া এই অনুষ্ঠানের একটি পর্বেই অতিথি বিচারকের দায়িত্ব পালন করেছেন শোয়েব। পিন্ডি এক্সপ্রেসের ভাষ্যে, এটি ছিল একটি ‘মজার অভিজ্ঞতা’।
শোয়েব বলেন, “আমি দারুণ আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলাম এই পর্বটির। এই মঞ্চে যে অদ্ভুত ধরনের প্রতিভার প্রদর্শনী দেখলাম, তাতে আমি বিস্মিত।”
তিনি আরও বলেন, “আনু মালিক এবং ফারাহ খানের সঙ্গে বিচারকের দায়িত্ব পালন ছিল মজার এক অভিজ্ঞতা।”
ক্যারিয়ার জুড়েই বিতর্ক আর নিষেধাজ্ঞা নিয়ে খবরের শিরোনাম হওয়া শোয়েব অনুষ্ঠানে এসেছিলেন ফরমাল লুকে। তার পরনে ছিল ঘিয়া রংয়ের স্যুট এবং সাদা শার্ট। অনুষ্ঠানটির নতুন সিজনের সম্প্রচার শুরু হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে। তবে শোয়েবের অংশ নেওয়া পর্বটি কবে দেখানো হবে, সে সম্পর্কে কোনো তথ্য দিতে নারাজ নির্মাতারা।
ভারতীয় মিডিয়ার সঙ্গে শোয়েবের যোগাযোগের খবর অবশ্য এখন আর নতুন কিছু নয়। এর আগে খবর এসেছিল মহেশ ভাটের পরিচালনায় হিন্দি সিনেমায় অভিষিক্ত হবেন সাবেক এই গতিতারকা। শেষ পর্যন্ত অবশ্য এটি গুজব হিসেবেই প্রমাণিত হয়।
পাকিস্তানের জাতীয় ক্রিকেট দল থেকে বেশ কবার নিষিদ্ধ হওয়া শোয়েব আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০১১ সালের বিশ্বকাপের পর। কিন্তু ততদিনে উগ্র মেজাজ এবং ডোপ-বিতর্ক থাকা সত্ত্বেও দেশটির কিংবদন্তি ক্রিকেটারের মর্যাদা পেয়ে গেছেন তিনি। পরবর্তীতে আইপিএলেও গতির ঝড় তুলেছেন শোয়েব; কলকাতা নাইটরাইডার্সয়ের পক্ষে একসময়ের প্রতিদ্বন্দ্বী সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে খেলায় ফিরেছিলেন তিনি।
