আইফা টেকনিক্যাল দৌড়েও সেরা ‘মিলখা’
আইফা টেকনিক্যাল অ্যাওয়ার্ডসে সেরা সংলাপ এবং সম্পাদনাসহ নয়টি বিভাগে পুরস্কার পেয়েছে রাকেশ ওমপ্রকাশ মেহরার সিনেমা ‘ভাগ মিলখা ভাগ’।
ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের প্রথম পর্ব ‘আইফা টেকনিক্যাল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত হয়েছে ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা বে’তে। এ পর্বে সম্মানিত করা হয়েছে ক্যামেরার পেছনে থাকা কলাকুশলীদের।
সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছেন 'ভাগ মিলখা ভাগে'র চিত্রনাট্যকার প্রাসুন জোশি, সেরা সংলাপের পুরস্কারটিও নেন তিনি। নেপথ্য সংগীতের জন্য বিজয়ী হয়েছেন শঙ্কর-এহসান-লয়।
ডিজাইনার ডলি আলুওয়ালিয়া হয়েছেন সেরা কস্টিউম ডিজাইন। এছাড়া সেরা সিনেমাটোগ্রাফি, সাউন্ড ডিজাইন, সাউন্ড মিক্সিং এবং সেরা মেকআপের অ্যাওয়ার্ডও গেছে ‘ভাগ মিলখা ভাগ’এর ঝুলিতে।
কমনওয়েলথ গেইমসে স্বর্ণজয়ী ভারতের একমাত্র দৌড়বিদ মিলখা সিং-এর জীবনীভিত্তিক সিনেমাটি এর আগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার জেতে।
মিলখা সিং এর ভূমিকায় রূপদানকারী অভিনেতা-গায়ক ফারহান আখতার অনুষ্ঠানে দুটি গান পরিবেশন করেন। একপর্যায়ে মঞ্চে আসেন গায়ক মিকা সিং, তার গানে নাচেন অভিনেতা ঋত্বিক রোশন। নায়িকাদের মধ্যে পারফর্ম করেছেন কারিনা কাপুর, সোনাকশি সিনহা এবং বিপাশা বসু।
ঋত্বিক রোশনের সিনেমা 'কৃশ থ্রি', সেরা মারামারির দৃশ্য এবং স্পেশাল ইফেক্টের জন্য অ্যাওয়াডর্ জিতে নিয়েছে
রোহিত শেঠির সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’ এর ‘লুঙ্গি ড্যান্স’ গানটি গান রেকর্ডিং বিভাগে সেরা বিবেচিত হয়েছে। এছাড়া ‘ভাগ মিলখা ভাগ’এর সঙ্গে যৌথভাবে জিতেছে সেরা সাউন্ড মিক্সিংয়ের পুরস্কার।
এবছর প্রথমবারের মত যুক্তরাষ্ট্রে বসেছে আইফার আসর। এর আয়োজক উইজক্রাফট ইন্টারন্যাশনাল এন্টারটেইনমেন্টের পরিচালক অ্যান্ড্রে টিমিনস রয়টার্সকে বলেন, "আমেরিকা ভারতীয় সিনেমার দ্বিতীয় বৃহত্তম বাজার। আমরা সবসময়ই এখানে আসতে চেয়েছি।”
টিমিনস জানান, প্রতি বছর প্রায় ১৩০০ সিনেমা তৈরি হয় বলিউডে, শুধুমাত্র ভারতে টিকেট বিক্রি হয় ৩৬০ কোটি।
প্রায় ৭৮০ কোটি মার্কিন ডলারের এই বাজারের দশর্ক সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। আমেরিকা ছাড়াও ব্রিটেন, চীন, রাশিয়া এবং জার্মানিতে বিস্তৃত হচ্ছে বলিউডের বাজার, পিছিয়ে নেই মধ্যপ্রাচ্যও।
বিশ্বব্যাপী প্রতিদিন প্রায় ২ কোটি ৩০ লাখ দশর্ক বলিউডি সিনেমা দেখেন।
