শিল্পকলায় ‘মহুয়া’
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার পুণ্যভূমির নতুন নাটক ‘মহুয়া’। শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি।
ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘মহুয়া’ নাটকটি রচনা করেছেন দ্বীজ কানাই । নির্দেশনা দিয়েছেন জুলফিকার হুসাইন সোহাগ। এটি থিয়েটার পুণ্যভূমির ৫ম প্রযোজনা। দলের হয়ে সোহাগেরও পঞ্চম নির্দেশনা এটি।
জুলফিকার হুসাইন সোহাগ গ্লিটজকে বলেন, “এর আগে অনেক দল নাটকটি মঞ্চে আনলেও পুণ্যভূমি সম্পূর্ন নতুন আঙ্গিকে নাটকটি নির্মাণ করেছে।”
‘মহুয়া’ নাটকের কাহিনি আবর্তিত হয়েছে বেদেকন্যা মহুয়াকে ঘিরে, যে জন্মেছিল ব্রাহ্মণের ঘরে। একদিন ব্রাহ্মণবাড়িতে হানা দিয়ে ছ’মাসের শিশু মহুয়াকে অপহরণ করে বেদে সর্দার হুমরা। তারপর পিতৃস্নেহে তাকে বড় করে তোলে তাকে। মহুয়াও বেদেদের সমস্ত আচার শিখে নেয়।
একসময় বামুনকান্দা গ্রামে ঘাঁটি গাড়ে হুমরা সর্দারের দল। প্রথম দর্শনেই একে অপরের প্রেমে পড়েন স্থানীয় জমিদার নদের চাঁদ ও মহুয়া। এরপরই নাটকের কাহিনি অন্যদিকে মোড় নেয়।
নাটকে ‘মহুয়া’ চরিত্রে অপরাজিতা প্রজাপতি, ‘হুমরা সর্দারে’র চরিত্রে সোহাগ আশরাফি, ‘নদের চাঁদ’ চরিত্রে জুলফিকার হুসাইন সোহাগ, ‘সুজন’ চরিত্রে দুর্জয় আনোয়ার, ‘মানকীয়া’ চরিত্রে সোহান সাজ অভিনয় করছেন। এ নাটকে আরো অভিনয় করছেন সোহান বাবু, সোহেল নূর, সজিব ইয়াহিয়া, শাহানাজ শানু, গিয়াস উদ্দিন, সাদ্দাম আরিয়ান, আশরাফ রানা, সম্রাট।
২০১১ সালে ‘মাকড়সা’ নাটকের মাধ্যমে আত্মপ্রকাশ করে নাট্যদল থিয়েটার পুণ্যভূমি। এরপর তারা মঞ্চে এনেছে ‘অবাক জলপান’, ‘বিষ্ণু বসুর শান্তিরক্ষক’, ‘তোমার জন্য স্বাধীনতা’।
নাটকগুলোর মধ্যে ‘মাকড়সা’ ২১, ‘অবাক জলপান’ ৭, ‘বিষ্ণু বসুর শান্তিরক্ষক’ ৮ এবং ‘তোমার জন্য স্বাধীনতা’ ১১বার মঞ্চস্থ হয়েছে।
