২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইজিসিসিতে রবীন্দ্রসংগীতের আসর

রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক কর্মকাণ্ডের আওতায় দুটি একক রবীন্দ্রসংগীত আসরের আয়োজন করেছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। শুক্র ও শনিবারের দুটি আয়োজনে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী আব্দুল ওয়াদুদ এবং বিশ্বজিৎ রায়।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 05:47 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

আব্দুল ওয়াদুদের একক সংগীতানুষ্ঠান শুরু হবে শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। বিশ্বজিৎ রায়ের সংগীতানুষ্ঠান শুরু হবে শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

ছায়ানট সংগীত বিদ্যায়তনে ছয় বছর তালিম নিয়েছেন আব্দুল ওয়াদুদ। তিনি তালিম নিয়েছেন ওয়াহিদুল হক, ড. সনজীদা খাতুন, আব্দুল আহাদ এবং নারায়ণ চন্দ্র বসাকের কাছে। শিক্ষাগ্রহণ শেষে তিনি ছায়ানটের শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৭৬ সালে জার্মানিতে ‘দ্য পাইওনিয়ার ফেস্টিভ্যাল’-এ পারফর্ম করছেন তিনি। ভারতের কলকাতা, ত্রিপুরাতে বিভিন্ন অনুষ্ঠানেও তিনি সংগীত পরিবেশন করেছেন।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের স্পেশাল গ্রেডভুক্ত এ শিল্পীর প্রথম অ্যালবাম ‘পৌষ ফাগুনের পালা’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। এখন তিনি সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের অন্যতম সংগঠক হিসেবে কাজ করছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সন্তান কণ্ঠশিল্পী বিশ্বজিৎ রায়ের সংগীতে হাতেখড়ি মায়ের কাছে। এরপর মিথুন দে, সঞ্জীব দের কাছে তালিম নেওয়ার পর ভর্তি হন ছায়ানটে। প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি জিতেছেন ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০০৯’ এবং ‘বেঙ্গল ফাউন্ডেশন অ্যাওয়ার্ড-২০০৭’।

সংগীত পরিচালক হিসেবে আরণ্যক নাট্যদল ও নাগরিক নাট্যদলের সঙ্গে ১৫টি নাটকের সংগীত পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছেন। সংগীতের পাশাপাশি সংগঠক হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন।

২০০৯ সালে ঢাকায় প্রতিষ্ঠা করেছেন ‘রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্র’। এছাড়া পৌষ মেলা উদযাপন পরিষদ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কাজ করছেন।

বিশ্বজিৎ রায়ের প্রথম একক অ্যালবাম ‘রাধারমণের গান’ প্রকাশিত হয় ২০০৮ সালে।