২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নার্গিস ফাখরির ওয়েবসাইট

ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য এবার নিজের ওয়েবসাইট খুলেছেন বলিউডি অভিনেত্রী নার্গিস ফাখরি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2014, 05:15 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

টাইমস অফ ইন্ডিয়া জানায়, ১০ এপ্রিল এই ওয়েবসাইটের উদ্বোধন করেন নার্গিস।

নার্গিস বলেন, “আমি খুবই উত্তেজিত, কারণ এখন থেকে আমার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পারব। অনেক মজার মজার খবর দেওয়া হবে নিয়মিত, আশা করছি সবাই পছন্দ করবে। ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য এটি ভালো উপায়।”

এই ওয়েবসাইটে পাওয়া যাবে নার্গিসের বিশেষ ছবির সংগ্রহ। ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের নানা খবর ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করবেন নার্গিস।

ক্যারিয়ার গড়ার আগে কেমন ছিলেন নার্গিস, আগামীতে কী কী কাজ করছেন তিনি-- সবই জানা যাবে এখান থেকে। আরও থাকবে সিনেমার প্রচারণা আর বিভিন্ন অনুষ্ঠানের খবর।

সম্প্রতি মুক্তি পেয়েছে নার্গিস অভিনীত সিনেমা ‘ম্যায় তেরা হিরো’। অভিনেতা ভারুন ধাওয়ান এবং ইলিয়ানা ডি ক্রুজের সঙ্গে তিনি এই সিনেমায় অভিনয় করেছেন।

‘ম্যায় তেরা হিরো’র কাজ শেষে এখন নার্গিস পাড়ি দিয়েছেন আমেরিকায়, সেখানে একটি সিনেমায় কাজ করবেন তিনি।

পাকিস্তানি বংশোদ্ভূত অভিনেত্রী নার্গিসের জন্ম নিউ ইয়র্কে। ২০০৪ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। সে বছর ‘আমেরিকাস নেক্সট টপ মডেল’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন নার্গিস, ভারতের ‘কিংফিশার ক্যালেন্ডার’-এ মডেলিং করেছেন তিনি।

নার্গিসের বলিউডি ক্যারিয়ার শুরু হয়  ২০১১ সালে ইমতিয়াজ আলির সিনেমা ‘রকস্টার’এর মাধ্যমে। সেখানে নার্গিসকে দেখা গেছে রণবীর কাপুরের বিপরীতে।

২০১৫ সালে মুক্তি পাবে নার্গিসের হলিউডি সিনেমা ‘স্পাই’, এখানে নার্গিস অভিনয় করবেন জেসন স্টাথাম, জুড ল এবং মেলিসা ম্যাকার্থির সঙ্গে।