জুটি বাঁধবেন আলিয়া-শাহিদ
‘কুইন’ সিনেমার পরিচালক ভিকাশ বাহাল তার পরবর্তী সিনেমা ‘শানদার’-এর মূল নারীচরিত্রের জন্য বেছে নিয়েছেন বলিউডি অভিনেত্রী আলিয়া ভাটকে। আর সিনেমাটিতে আলিয়ার সঙ্গে জুটি বাঁধবেন অভিনেতা শাহিদ কাপুর।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, কঙ্গনা রানাউত অভিনীত ভিকাশের পরিচালিত প্রথম সিনেমা ‘কুইন’ মুক্তির পরই আলোচনার ঝড় তোলে বলিউডে। বলিউডের রাঘব বোয়ালদের প্রশংসাসহ বক্স অফিসেও আলোড়ন তোলে নারীকেন্দ্রিক সিনেমাটি। আর এরপরই ভিকাশ কাজ শুরু করেন তার পরবর্তী সিনেমাটি নিয়ে।
অন্যদিকে ইমতিয়াজ আলীর ‘হাইওয়ে’ সিনেমার মধ্য দিয়ে সকলের কাছে প্রশংসা পেয়েছেন আলিয়া। আর তাই ভিকাশ তার পরবর্তী সিনেমার জন্য বেছে নিয়েছেন আলিয়াকেই। ভারতে প্রথমবারের মতো ডেস্টিনেশন ওয়েডিংভিত্তিক সিনেমার উদ্যোগ নিয়েছেন ভিকাশ।
আলিয়ার আগেই ভিকাশ শাহিদ কাপুরের সঙ্গে তার পরবর্তী সিনেমার কথা চূড়ান্ত করেছিলেন। শাহিদ এই প্রথম জুটি বাঁধবেন আলিয়ার সঙ্গে। সব ঠিক থাকলে চলতি বছরের আগস্ট মাসে সিনেমাটির শুটিং শুরু হবে।
যদিও এ বিষয়ে নিশ্চিত করে কিছুই জানা যায়নি। ভিকাশ এখনও তার পরবর্তী সিনেমার বিষয়ে মুখ খোলেননি মিডিয়ার কাছে। তবে আলিয়া এবং শাহিদ, জুটি বাঁধবেন ‘শানদার’ সিনেমায় এটি মোটামুটি নিশ্চিত করেই জানা গেছে।
‘কুইন’-এর আগে নিতেশ তিওয়ারি পরিচালিত শিশুদের জন্য নীর্মিত ‘চিল্লার পার্টি’-র সহপরিচালক ছিলেন ভিকাশ। ইউটিভি মোশন পিকচার্স এবং সালমান খানের প্রযোজনায় সিনেমাটি বক্স অফিসে বেশ সফলভাবেই ব্যবসায় করে।
প্রথম পরিচালিত ‘কুইন’ সিনেমা দিয়েই বাজিমাত করেছেন ভিকাশ। দিল্লির ছোট শহরের মেয়ে রানির একা একা হানিমুনের কাহিনি সকলকেই মুগ্ধ করেছে। এই সিনেমার মধ্য দিয়ে কঙ্গনাও বলিউডে নিজের স্থানটি পাকাপোক্ত করে নিয়েছেন। কঙ্গনা প্রশংসা পেয়েছেন দীপিকা পাড়ুকোন, কারান জোহর এবং আমির খানের মতো সেলেব্রিটিদের। অমিতাভ বচ্চনও কঙ্গনাকে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠান।
