২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেপের প্রেমিকার চরিত্রে জনসন

কুখ্যাত গ্যাংস্টার জেমস হোয়াইটি বালগারের বায়োপিক ‘ব্ল্যাক মাস’-এ  বালগারের চরিত্রে অভিনয় করবেন জনি ডেপ আর তার প্রেমিকার চরিত্রে দেখা যাবে ড্যাকোটা জনসনকে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 06:52 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, স্কট কুপার পরিচালিত ‘ব্ল্যাক মাস’ সিনেমায় বালগারের প্রেমিকার চরিত্রতে অভিনয় করবেন ২৪ বছর বয়সী জনসন।

১৬ বছর পলাতক থাকার পর ২০১১ সালে বালগার গ্রেপ্তার হন এফবিআইয়ের হাতে। বালগার এর আগে এফবিআইয়ের গোপন খবরদাতা হিসেবে কাজ করতেন।

একসময় বস্টনের অন্ধকার জগতের অন্যতম ত্রাস বালগারের জীবনে বেশ কয়েকজন নারী ছিলেন। তাদের মধ্যে লিন্ডজির চরিত্রে অভিনয় করবেন জনসন। লিন্ডজি ছিলেন বালগারের ছেলে ডগলাসের মা।

শুরুতে বেরি লেভিনসনের সিনেমাটি পরিচালনা করার কথা থাকলেও শেষ পর্যন্ত এর পরিচালকের আসনে বসতে যাচ্ছেন স্কট কুপার।

বালগারের ছোটবেলার বন্ধু এবং এফবিআই এজেন্ট জন কনোলির চরিত্রে টম হার্ডির অভিনয় করার কথা থাকলেও সেখানেও আনা হয়েছে পরিবর্তন। এখন চরিত্রটিতে অভিনয় করবেন যোয়েল এডগার্টন। বালগারকে সাবধান করে দেওয়ার কারণে কনোলিকেও জেলে যেতে হয়েছিল।

জেমস হোয়াইটি বালগার আমেরিকার বহুল আলোচিত এবং কুখ্যাত এক অপরাধী। প্রায় ১৯ খুনের আসামী  বালগার। টানা ১২ বছর ধরে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড লিস্টের প্রথম দশজনের মধ্যে ছিল বালগারের নাম।

ক্রাইম থ্রিলার ভিত্তিক সিনেমায় অভিনয়ের জন্য এরই মধ্যে হলিউডে সুখ্যাতি রয়েছে ডেপের। এর আগেও অপরাধবিষয়ক বায়োপিকে দেখা গেছে তাকে। ২০০৯ সালের সিনেমা ‘পাবলিক এনিমিজ’-এ অভিনয় করেছিলেন তিনি। ত্রিশের দশকের কুখ্যাত সন্ত্রাসী জন ডিলিঞ্জারের ওই বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ডেপ। মাইকেল মান পরিচালিত ওই সিনেমায় তার সঙ্গে আরও আরও অভিনয় করেছিলেন ক্রিশ্চান বেল এবং ম্যারিয়ন কোর্টিলাড।

‘ব্ল্যাক মাস’ ছাড়াও ডেপ এখন ব্যস্ত অ্যাকশন কমেডি ‘মর্টডিকাই’ সিনেমার কাজে। ২০১৫ সালে মুক্তির জন্য নির্ধারিত ওই সিনেমায় ডেপ অভিনয় করেছেন একজন সুদর্শন এবং চতুর ব্রিটিশ সিক্রেট এজেন্টের চরিত্রে।

২০১৪ সালে মুক্তি পাবে ডেপের তিনটি সিনেমা। এর মধ্যে রয়েছে সায়েন্স ফিকশন ভিত্তিক সিনেমা ‘ট্রানসেনডেন্স’। ১৮ এপ্রিল মুক্তির প্রতীক্ষায় রয়েছে সিনেমাটি। ‘লন্ডন ফিল্ডস’ এবং ‘ইনটু দ্য উডস’ও মুক্তি পাবে চলতি বছরে। ‘ইনটু দ্য উডস’ সিনেমাটি মুক্তি পাবে বছরের বড়দিনের মৌসুমে।