২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যমজ ছেলের বাবা হেমসয়োর্থ

যমজ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেতা ক্রিস হেমসয়োর্থের স্ত্রী এলসা প্যাটাকি। ২০ মার্চ হলিউডের সিডার্স সিনাই হাসপাতালে সন্তান প্রসব করেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 06:48 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

কন্টাক্টমিউজিক জানায়, ‘থর’ খ্যাত এই অভিনেতার বাবা হওয়ার অভিজ্ঞতা এটাই প্রথম নয়। স্ত্রী এলসার সঙ্গে তার রয়েছে ২২ মাস বয়সী মেয়ে ইন্ডিয়া রোজ হেমসয়োর্থ।

৩০ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান অভিনেতা স¤প্রতি প্যারেড ম্যাগাজিনকে নিজের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, “বাবা হওয়ার অভিজ্ঞতা আমি খুবই উপভোগ করছি। মনে হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা এটি। যখন আমি কাজ করি, সারাক্ষণ আমার মেয়ের কথা মনে হয়। যখন আমি বাড়িতে থাকি, আমি ওর সঙ্গেই সময় কাটাই।”

২০১০ সালের শুরুতে স্প্যানিশ অভিনেত্রী এলসা প্যাটাকির সঙ্গে প্রেম শুরু করেন হেমসয়োর্থ। সে বছরই বড়দিনের ছুটিতে বিয়ে করেন তারা।

স্প্যানিশ সিনেমায় অভিনয়ের পাশাপাশি হলিউডের মুভি সিরিজ ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এ অভিনয় করেছেন ৩৭ বছর বয়সী এলসা প্যাটাকি।

প্রথমবারের মতো মা হওয়ার পর ইউএস উইকলি ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, “মা হওয়ার পর অনেক বিষয়ে আমরা স্পর্শকাতর হয়ে যাই। যেমন আমরা চেষ্টা করি পৃথিবীর সবকিছুকে রক্ষা করতে, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এরকম সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারি।”

হলিউডে ক্রিস হেমসয়োর্থের ক্যারিয়ার শুরু হয় সাইফাই মুভি ‘স্টার ট্রেক’এর মাধ্যমে, যা মুক্তি পায় ২০০৯ সালে। এরপর ২০১১ সালে সুপারহিরো মুভি ‘থর’এ নাম ভূমিকায় অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি পান তিনি।

পরবর্তী বছরে মুক্তি পেয়েছে হেমসয়োর্থ অভিনীত ‘দ্য ক্যাবিন ইন দ্য উডস’, ‘দ্য অ্যাভেঞ্জারস’, ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’, ‘স্টার ট্রেক ইনটু দ্য ডার্কনেস’, ‘রাশ’-এর মতো সিনেমা যার বেশিরভাগই বাণিজ্যিকভাবে হয়েছে সফল।

তবে চলতি বছর মুক্তি পাবে না হেমসয়োর্থের নতুন কোনো সিনেমা। ২০১৫ সালে তাকে দেখা যাবে তিনটি সিনেমায়, যেগুলোর শুটিং এখন চলছে।

সিনেমাগুলো হল: ‘অ্যাভেঞ্জারস: এইজ অফ আল্ট্রন’, ‘সাইবার’ এবং ‘ইন দ্য হার্ট অফ দ্য সি’।