২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ড্রামা নাট্যোৎসবে ‘কবর’

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলমান ঢাকা ড্রামার ৩৭ বছর পূর্তির নাট্যোৎসবে রোববার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদলের ‘কবর’। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাওয়া আরণ্যকের নাটকটি নতুনভাবে নির্দেশনা দিয়েছেন আবু হাশিম মাসুদুজ্জামান মাসুদ।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 06:48 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

‘কবর’ এর নবনির্মাণ দলের ৪৭তম প্রযোজনা। রোববার এর ৮ম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

শহীদ মুনীর চৌধুরী রচিত নাটকের মাধ্যমেই ১৯৭২ সালে যাত্রা শুরু করেছিল আরণ্যক। সেসময় এর নির্দেশনা দিয়েছিলেন দল প্রধান মামুনুর রশীদ।

নির্দেশক মাসুদ গ্লিটজকে জানান, সময়ের দাবিতে নবনির্মাণে তিনি বেশকটি অঙ্কে পরিবর্তন এনেছেন। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি জেলখানায় বন্দী মুনীর চৌধুরী ও তার সহবন্দীদের নানা কথাও তুলে এনেছেন তার নাটকে। এর পাশাপাশি মূল নাটকের কয়েকটি চরিত্রকে তিনি ভিন্নরূপে উপস্থাপন করেছেন। তৎকালীন পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যেও দেশপ্রেম, ভাষাপ্রীতি তুলে ধরেছেন।

নির্দেশনার পাশাপাশি ‘কবর’ নাটকে তিনি ‘মুর্দা ফকির’ -এর চরিত্রে অভিনয় করছেন। ‘মা’ চরিত্রে মোমেনা চৌধুরী, ‘ইন্সপেক্টর’ চরিত্রে সাজ্জাদ সাজু অভিনয় করছেন। অতিথি চরিত্র ‘মুনীর চৌধুরী’ করছেন রুহুল আমিন।

এদিকে ঢাকা ড্রামা নাট্যদলের ৩৭ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার থেকে শিল্পকলা একাডেমিতে চলছে ৪ দিনব্যাপী নাট্যোৎসব। উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

উৎসবে ইতোমধ্যে প্রদর্শিত হয়েছে সুবচন নাট্য সংসদের ‘মহাজনের নাও’। সোমবার প্রদর্শিত হবে সময় নাট্যদলের ‘শেষ সংলাপ’। নাটকটি সোমবার সন্ধ্যা ৭টায় একই স্থানে মঞ্চস্থ হবে।

ঢাকা ড্রামার প্রধান ও উৎসবের আহ্বায়ক আবু হারুন টিটো গ্লিটজকে জানান, এ উৎসবে তারা নাট্যকার কল্যাণ মিত্র, প্রকাশনা ব্যক্তিত্ব চিত্তরঞ্জন সাহা, নির্দেশক আব্দুল গণি খোকন এবং সংগঠক দেওয়ান আমিনুল রহমান দুলুকে স্মরণ করছেন।

উৎসবের সমাপনী দিনে তারা সিনিয়র মেক আপ আর্টিস্ট বঙ্গজিৎ দত্ত ও জয়নুল আবেদিন, পোশাক সরবরাহকারী অশোক মুখার্জি, লাইট ম্যান সবুজ ভুঁইয়া, সেট ডিজাইনার নজরুল ইসলামকে বিশেষ সম্মাননা জানানো হবে।

টিটো বলেন, “আমাদের যাত্রার শুরুতে পাঁচজন মানুষ বিনা পয়সায় অক্লান্ত পরিশ্রম করেছেন। নাটকগুলোর সুষ্ঠু মঞ্চায়নের পিছনে তাদের অবদানও কম নয়। উৎসবে আমরা তাদের সম্মাননা জানাব।”